উপজেলা প্রতিনিধি, কুষ্টিয়া:
কুষ্টিয়ার কুমারখালীতে বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মামুন হোসেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বন্ধু রাশেদ (২২) আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
রবিবার (২৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পান্টি ইউনিয়নের ওয়াশী গ্রামের কবরস্থান সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মামুন হোসেন কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের জুংগলী গ্রামের দুলালের ছেলে। আহত রাশেদ একই ইউনিয়নের গড়ের বাড়ি কাঞ্চনপুর গ্রামের লাল মোহাম্মদের ছেলে।
আমতলীতে ধানখেতে আগাছানাশক ও লবণ প্রয়োগ, ৫ লাখ টাকার ক্ষতির অভিযোগ

স্থানীয় সূত্রে জানা যায়, মামুন ও রাশেদ মোটরসাইকেলে করে কুমারখালীর পান্টির সান্দিয়ারা এলাকায় যাচ্ছিলেন। রাস্তায় বেপরোয়া গতির কারণে ওয়াশী এলাকার কবরস্থানের পাশে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মেহগনি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে দুই বন্ধু ঘটনাস্থলেই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রেফার করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মামুনের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, বেপরোয়া গতিতে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় মেহগনি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
















