ঝিনাইদহের শৈলকুপা থানা পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে আটক দুই আসামির ডোপ টেস্টের ফলাফল পজিটিভ এসেছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক সামারি ট্রায়ালের মাধ্যমে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন শৈলকুপা থানার ঋষিপাড়া এলাকার রাম দাসের ছেলে বাসু দাস (২৫) এবং কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার বেড়িপাড়া লক্ষ্মীপুর এলাকার মৃত সাধন কুমার বিশ্বাসের ছেলে মো. সাগর কুমার বিশ্বাস (১৯)। তাদের দুজনকেই আট মাসের সশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ জানায়, মাদক ও অপরাধমুক্ত জেলা গঠনে শৈলকুপা থানা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।


















