ফেসবুকে ‘বড় লেভেলে খেলার ইচ্ছা’ প্রকাশ করে দলীয় পদ থেকে পদত্যাগের দুই দিন পর গ্রেপ্তার হয়েছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক বোরহান মাহমুদ। চেক প্রতারণার মামলায় এক বছরের কারাদণ্ডের রায় হওয়ার প্রায় চার বছর পর বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে মধুখালী উপজেলা সদরের একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বোয়ালমারী থানা-পুলিশের একটি দল মধুখালী থানা-পুলিশের সহযোগিতায় এ অভিযান চালায়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালমারী থানার জয়ানগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহমুদুল হাসান।
পুলিশ সূত্রে জানা যায়, ২০১৮ সালে দায়ের করা চেক প্রতারণার মামলায় ২০২২ সালের ৯ সেপ্টেম্বর ফরিদপুরের আদালত বোরহান মাহমুদকে এক বছরের কারাদণ্ড দেন। তবে সাজা হওয়ার পরও তিনি প্রকাশ্যে চলাফেরা করছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
দুই ছাত্রীকে বিয়ের অভিযোগ, এবার আরেক ছাত্রী নিয়ে পালিয়ে গ্রেপ্তার শিক্ষক!

এর আগে মঙ্গলবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি ফটোকার্ড প্রকাশ করে দলীয় পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন বোরহান। সেখানে তিনি লেখেন, ‘বড় লেভেলে খেলার ইচ্ছা, উপজেলার পদ না থাকলেও চলবে।’
২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলামের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বোরহান।
দলীয় পদ ছাড়ার কারণ হিসেবে বোরহান জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দাদপুর ইউনিয়নের বহিষ্কৃত সহসভাপতি ও স্বতন্ত্র ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে আটক ও অবরুদ্ধ করার ঘটনাকে কেন্দ্র করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা তাকে ‘মবকারী’ বলে আখ্যা দেন। এর প্রতিবাদেই তিনি পদত্যাগের সিদ্ধান্ত নেন।
গ্রেপ্তারের কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা এক ভিডিও বার্তায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলেন বোরহান। বুধবার দিবাগত রাত ২টা ৫২ মিনিটে নিজের ভাড়া বাসা থেকে দেওয়া ওই ভিডিওতে তিনি দাবি করেন, খন্দকার নাসিরুল ইসলামের নির্দেশে একটি মামলায় তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। অন্তঃসত্ত্বা স্ত্রী ও অসুস্থ মা বাড়িতে থাকা অবস্থায় পুলিশ পাঠানোকে তিনি হয়রানি ও রাজনৈতিক প্রতিহিংসা বলে উল্লেখ করেন।
ভিডিও বার্তায় কারাগার থেকে মুক্ত হওয়ার পর খন্দকার নাসিরুল ইসলামের একক সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নেওয়ার ঘোষণাও দেন তিনি। পাশাপাশি ফরিদপুর-১ আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনয়নপ্রত্যাশী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানান।
অন্যদিকে, বোরহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা। তাঁর দাবি, তিন থেকে চার মাস আগে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার দুই যুবককে আটকে রেখে তাঁদের মোটরসাইকেল জব্দ করেন বোরহান। পরে বিকাশের মাধ্যমে তাঁদের কাছ থেকে ৮৫ হাজার টাকা নেওয়া হয়।
সঞ্জয় সাহার আরও অভিযোগ, সম্প্রতি সাতৈর ইউনিয়নের কানখরদির একটি ইটভাটায় গিয়ে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন বোরহান। টাকা না দিলে ইটভাটাটি বন্ধ করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। এ ছাড়া কোন্দারদিয়া বাজারের একটি কার্যালয় থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী-২ শামা ওবায়েদ ইসলামের ছবি সরিয়ে ফেলার অভিযোগও করেন তিনি।
এ ছাড়া গত রোববার ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেনকে বোর্ড অফিসে আটকে রেখে গাড়ি কেনার কথা বলে তাঁর কাছে এক লাখ টাকা দাবি করা হয়েছিল বলেও অভিযোগ করেন সঞ্জয় সাহা।
এদিকে, বোরহানের সাম্প্রতিক কর্মকাণ্ড থেকে নিজের অবস্থান আলাদা করেছেন সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি জানান, বোরহান কিছুদিন তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করেছেন। তবে সম্প্রতি বিভিন্ন বিশৃঙ্খল কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার বিষয়টি সামনে আসায় তাঁকে নিজের সঙ্গে কাজ না করার নির্দেশ দেওয়া হয়েছিল।

















