মেসির বিদায়ী ম্যাচ ঘিরে আর্জেন্টিনায় যখন উৎসবের আমেজ, তখনও নিজেদের দায়িত্বে অটল বেনিনের গোলরক্ষক মার্সেল দানজিনু। লিওনেল মেসিকে সম্মান জানাতে এলেও মাঠে তাকে কোনো গোল উপহার দিতে রাজি নন তিনি। বরং আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটিকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ হিসেবেই দেখছেন বেনিনের এই গোলরক্ষক।
বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। জাতীয় দলের হয়ে মেসির সম্ভাব্য শেষ ম্যাচকে ঘিরে ইতোমধ্যে শুরু হয়েছে নানা আয়োজন। দলীয় অনুশীলনেও যোগ দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক।
মেসির মুখোমুখি হওয়ার আগে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে দেওয়া সাক্ষাৎকারে দানজিনু বলেন, গোলরক্ষক হিসেবে তার কাজই হলো গোল ঠেকানো। এমনকি ম্যাচের শেষ মুহূর্তে আর্জেন্টিনা পেনাল্টি পেলেও এবং মেসি শট নিলেও সেটি ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা করবেন তিনি।
বিদায়ী ম্যাচে মেসির হাতে উঠল হলুদ-লাল কার্ড!

দানজিনুর ভাষায়, মেসিকে সম্মান জানানো এক বিষয়, আর মাঠে তাকে গোল উপহার দেওয়া সম্পূর্ণ ভিন্ন বিষয়। তার মতে, ফুটবলে কাউকে কোনো কিছু উপহার দেওয়ার সুযোগ নেই। মেসিকে গোল করতে হলে নিজের দক্ষতা দিয়েই গোল করতে হবে।
বেনিনের গোলরক্ষক আরও বলেন, মেসির শেষ ম্যাচ হওয়ায় এই ম্যাচটি তার কাছে অন্য যেকোনো ম্যাচের চেয়ে আলাদা। জীবনে এমন সুযোগ একবারই আসে বলেও মনে করেন তিনি। তবে মেসির বিদায়ী ম্যাচের অংশ হতে পেরে গর্বিত হলেও নিজেদের দায়িত্বের কথা ভুলতে চান না।
দানজিনু বলেন, তারা আর্জেন্টিনায় পর্যটক হিসেবে আসেননি। বেনিনের প্রতিনিধিত্ব করতেই মাঠে নামবেন তারা। ১১ জনের বিপক্ষে ১১ জনের লড়াইয়ে আর্জেন্টিনা জিততে পারে, ম্যাচ ড্র হতে পারে কিংবা বেনিনও জিততে পারে—সব সম্ভাবনাই খোলা রয়েছে।
মেসির বিদায়ী ম্যাচকে তাই সম্মানের পাশাপাশি নিজেদের সামর্থ্য প্রমাণের বড় সুযোগ হিসেবে দেখছেন দানজিনু। তার কাছে দিনটি যেমন মেসির জন্য বিশেষ, তেমনি বেনিনের খেলোয়াড়দের জন্যও স্মরণীয় হয়ে থাকবে।

















