গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার চলমান রাজনৈতিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। বিরোধী দল জামায়াত ও এনসিপির প্রতি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে এমন কর্মসূচিতে নিজের সমর্থন ও সাধুবাদ জানানোর কথাও জানিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে টুঙ্গিপাড়ার পরিস্থিতি নিয়ে নিজের অবস্থান তুলে ধরেন রাশেদ খাঁন। পোস্টে তিনি অভিযোগ করেন, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার কারণে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষাসেবা সরবরাহেও সমস্যা তৈরি হচ্ছে বলে দাবি করেন তিনি।
রাশেদ খাঁন আশঙ্কা প্রকাশ করেন, পরিস্থিতি অব্যাহত থাকলে ভবিষ্যতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ এবং দোকানপাট ও শপিংমল খোলা রাখাও কঠিন হয়ে পড়তে পারে। এতে স্থানীয় মানুষের জীবনযাত্রায় বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ প্রধানমন্ত্রী তারেক রহমানের!

সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, বিএনপি সরকার হতাহতের রাজনীতিতে বিশ্বাস করে না। গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিএনপি দীর্ঘ ১৬ বছর আন্দোলন করেছে। সে কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করা হচ্ছে বলে দাবি করেন তিনি।
পোস্টে রাশেদ খাঁন আরও বলেন, টুঙ্গিপাড়ার সাধারণ মানুষকেই স্থানীয় নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তাঁর মতে, বারবার হতাহতের ঘটনা ঘটিয়ে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়। এ জন্য স্থানীয় মানুষের মধ্য থেকেই সংকট সমাধানের পথ খুঁজে বের করতে হবে।
তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, সরকার কঠোরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটতে পারে। তখন সেটিকে কেন্দ্র করে দেশে ও আন্তর্জাতিক অঙ্গনে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনৈতিক বিতর্ক তৈরি হতে পারে। বিএনপি সরকার এমন পরিস্থিতির দায় নিতে চায় না বলেও পোস্টে উল্লেখ করেন তিনি।
পোস্টের একপর্যায়ে টুঙ্গিপাড়ায় বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও দলীয় কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের অভিযোগ তুলে প্রশ্ন তোলেন রাশেদ খাঁন। তাঁর দাবি, সেখানে বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর ও কার্যালয়ে আগুন দেওয়া হলেও জামায়াতের কার্যালয় এবং নেতাকর্মীদের বাড়িঘর অক্ষত রয়েছে। এ বিষয়ে একটি ভিডিওর উল্লেখও করেন তিনি।
সবশেষে বিরোধী দলগুলোর প্রতি ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী। তিনি লেখেন, বিএনপি সরকারের বিরুদ্ধে বিরোধী দলগুলো অতীতে একাধিক লংমার্চ কর্মসূচি পালন করেছে। এবার টুঙ্গিপাড়ার পরিস্থিতি তুলে ধরতে এ ধরনের কর্মসূচি আয়োজন করা যেতে পারে।

রাশেদ খাঁন বলেন, ‘বিরোধীদল বিএনপি সরকারের বিরুদ্ধে লংমার্চ তো বহু করলো, এবার হয়ে যাক না লংমার্চ টু টুঙ্গিপাড়া কর্মসূচির ঘোষণা। আমিও এই কর্মসূচিকে সাধুবাদ ও সমর্থন জানাবো, ইনশাআল্লাহ।’
তাঁর এই ফেসবুক পোস্টকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। তবে পোস্টে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য পাওয়া যায়নি।
















