মেহেরপুর প্রতিনিধি:
মেহেরপুরে ফিরোজ পাগলার সাধুসঙ্গে মতবিনিময় করেছেন অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’ এর স্থানীয় নেতৃবৃন্দ। আজ বুধবার সন্ধ্যায় সদর উপজেলার রাইপুরে অবস্থিত এই সাধুসঙ্গে মতবিনিময়কালে উপস্থিত ছিলেন স্থানীয় সাধু, বাউল, সাংবাদিক, ভক্ত-আশেকান ও রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
সবার জন্য বাংলাদেশের মেহেরপুর জেলা কো-অর্ডিনেটর ইঞ্জিনিয়ার বুলবুল আহমেদের সঞ্চালনায় ও তুষার আহাম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর থিয়েটার ও সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ রাকিবুল হাসান রিপন। বিশেষ অতিথি ছিলেন হেযবুত তওহীদ মেহেরপুর জেলা শাখার রাজনৈতিক সম্পাদক আলী এজাজ মোহন, মুজিবনগর বাউল সম্প্রদায়ের সভাপতি মঞ্জুর বিশ্বাস ও মেহেরপুর সদর উপজেলা বাউল সম্পদায়ের সভাপতি মো. আব্দুল্লাহ।
রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল

মতবিনিময় সভায় সমাজে পারস্পরিক সম্প্রীতি, সহনশীলতা, ভ্রাতৃত্ববোধ ও ঐক্য প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরা হয়। ধর্ম, মত ও পথের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে একটি শান্তিপূর্ণ, মানবিক ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন উপস্থিত ব্যক্তিরা।
















