ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শারীরিক অবস্থা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও গুঞ্জনের মধ্যে তাঁর সুস্থতার প্রমাণ হিসেবে আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে একটি অডিও প্রকাশ করা হয়েছে। তবে ফ্যাক্টচেক করে অডিওটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট। বিষয়টি নিয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। তাঁর ভাষ্য, এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বক্তব্য দেওয়া।
শুক্রবার (২৭ নভেম্বর) নিজের ফেসবুক পেজে দ্য ডিসেন্টের একটি ফ্যাক্টচেক প্রতিবেদন শেয়ার করে এ মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি লেখেন, ‘যেহেতু ১ বছর আগের অডিও ব্যবহার করেছে, সেহেতু বুঝতে আর কারও কিছু বাকি থাকে? এখন একমাত্র উপায় ফেসবুক লাইভে এসে বলা …’

দ্য ডিসেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি তাঁর দেশে ফেরার কথিত ঘোষণা ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর শারীরিক অবস্থা নিয়ে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়ে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অফিশিয়াল ফেসবুক পেজে শেখ হাসিনার সুস্থতার প্রমাণ হিসেবে একটি অডিও প্রচার করা হয়।
গণভোটের রায় উপেক্ষা করলে পুরোনো ফ্যাসিস্টদের ফেরার পথ তৈরি হবে: জামায়াত আমির

তবে অডিওটির সময়কাল যাচাই করে দ্য ডিসেন্ট জানিয়েছে, এটি অন্তত এক বছর আগে থেকেই অনলাইনে পাওয়া যাচ্ছে। যদিও শেখ হাসিনার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পায়নি সংবাদমাধ্যমটি।
এদিকে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশ বিমানের উড়োজাহাজে দেশে ফিরতে চান শেখ হাসিনা—সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এমন তথ্য প্রকাশ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাধ্যমে দিল্লি থেকে ঢাকায় ফেরার ব্যবস্থা করতে বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন তিনি।
শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলী রয়টার্সকে দেওয়া এক বিবৃতিতে জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা বাংলাদেশি একটি উড়োজাহাজে করে ভারতে গিয়েছিলেন। সে কারণে এখন দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্যও একইভাবে উড়োজাহাজের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
তবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে সরকারের অবস্থান ভিন্ন। বাংলাদেশ সরকার জানিয়েছে, তাঁকে ভারত থেকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই দেশে ফিরিয়ে আনা সম্ভব। গত বছর বাংলাদেশের একটি আদালত তাঁর অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডের রায় দেন। ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার দায়ে এ রায় দেওয়া হয়।
এ বিষয়ে রয়টার্সকে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘হাসিনা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধী, একজন পলাতক সন্ত্রাসী। তিনি কেবল প্রত্যর্পণ চুক্তির মাধ্যমেই দেশে ফিরতে পারেন, হাতে হাতকড়া পরা অবস্থায় এবং কঠোর নজরদারির অধীনে।’
সব মিলিয়ে শেখ হাসিনার শারীরিক অবস্থা, পুরোনো অডিওর নতুন করে প্রচার এবং দেশে ফেরার আলোচনা ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। তবে তাঁর বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে স্বাধীনভাবে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।
















