শিশুদের পুষ্টির ঘাটতি পূরণ, বিদ্যালয়ে উপস্থিতি বৃদ্ধি এবং শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে বড় উদ্যোগ নিতে যাচ্ছে সরকার। আগামী ২০২৭ সাল থেকে দেশের ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড ডে মিল কর্মসূচি। এর আওতায় প্রতিদিন দুপুরের খাবার পাবে প্রায় ১ কোটি ১০ লাখ শিশু। এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলা প্রাঙ্গণে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে আয়োজিত রন্ধন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, বর্তমানে দেশের ৫০০টি উপজেলার মধ্যে ১৫১টি উপজেলায় প্রায় ৩১ লাখ শিক্ষার্থী প্রতিদিন পুষ্টিকর খাবার পাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে চার থেকে ১০ বছর বয়সী শিশুদের বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানো এবং প্রাতিষ্ঠানিক শিক্ষার সঙ্গে সম্পৃক্ত রাখা সম্ভব হচ্ছে। চলমান কার্যক্রমের ধারাবাহিকতায় ২০২৭ সাল থেকে দেশের ৫০০টি উপজেলার সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রায় ১ কোটি ১০ লাখ শিশুর জন্য মিড ডে মিল চালু করা হবে।
গণভোটের রায় উপেক্ষা করলে পুরোনো ফ্যাসিস্টদের ফেরার পথ তৈরি হবে: জামায়াত আমির

তিনি আরও বলেন, শিশুদের শুধু বিদ্যালয়ে নিয়ে আসাই নয়, তাদের পুষ্টির চাহিদা পূরণ এবং সুস্থভাবে বেড়ে ওঠা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে স্কুল ফিডিং কর্মসূচি কার্যকর ভূমিকা রাখবে।
খাবারের গুণগত মান ও পুষ্টি নিশ্চিত করতে মায়েদের সম্পৃক্ত করার ওপর বিশেষ গুরুত্ব দেন ডা. জুবাইদা রহমান। তাঁর মতে, বিদ্যালয়ে শিশুদের জন্য যে খাবার সরবরাহ করা হবে, তার মান ও পুষ্টিগুণ নিয়মিত তদারকি করা প্রয়োজন। এ জন্য মায়েদের অংশগ্রহণ বাড়ানোর পাশাপাশি স্থানীয় পর্যায়ে তদারকি ব্যবস্থা জোরদার করতে হবে।
বিদ্যালয়ের দুপুরের খাবার আরও সুস্বাদু, পুষ্টিকর ও সহজলভ্য করতে জেলা ও উপজেলা পর্যায়ে রন্ধন প্রতিযোগিতা আয়োজনের প্রস্তাবও দেন তিনি। ডা. জুবাইদা রহমান বলেন, স্থানীয়ভাবে সহজলভ্য উপকরণ ব্যবহার করে শিশুদের উপযোগী খাবার তৈরিতে এ ধরনের প্রতিযোগিতা ইতিবাচক ভূমিকা রাখতে পারে।
স্বাস্থ্যসম্মত রান্নার পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের খাবারে স্থানীয় শাকসবজি, আমিষ ও দুগ্ধজাত পণ্যের ব্যবহার বাড়ানো প্রয়োজন। পাশাপাশি স্বাস্থ্যসম্মত রন্ধনপ্রণালি, সহজলভ্য উপকরণ এবং মায়েদের সম্পৃক্ততা নিশ্চিত করা গেলে দেশের শিশুদের পুষ্টির মান উল্লেখযোগ্যভাবে উন্নত হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। রন্ধন প্রতিযোগিতায় অংশ নেওয়া ৩০০টি রেসিপির মধ্য থেকে সেরা রেসিপির জন্য পাঁচজনকে পুরস্কার দেওয়া হয়।
তিনি রান্নাকে শুধু একটি শিল্প নয়, বরং বিজ্ঞান, সংস্কৃতি ও মানুষের সঙ্গে যোগাযোগের মাধ্যম হিসেবেও উল্লেখ করেন। তাঁর মতে, রান্নার মধ্য দিয়ে মানুষের ইতিহাস, ব্যক্তিত্ব ও ভালোবাসার প্রকাশ ঘটে।
















