ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি, জিএস কিংবা অন্য কোনো শীর্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য কার্যনির্বাহী সদস্য উম্মা উসওয়াতুন রাফিয়াকে প্রস্তুতি নিতে বলেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। নারী নেতৃত্বের সুযোগ নিয়ে রাফিয়ার এক প্রশ্নের জবাবে তাকে প্রতীকীভাবে প্রস্তুত হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতে নারীদের নেতৃত্বে আসার বিষয়েও ইতিবাচক মনোভাব প্রকাশ করেন জামায়াত আমির।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার বাসভবনে আয়োজিত ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন ডা. শফিকুর রহমান।
অনুষ্ঠানে রাফিয়া জামায়াত আমিরের কাছে জানতে চান, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবিরের প্যানেলে ভিপি, জিএস কিংবা এজিএসের মতো গুরুত্বপূর্ণ পদে কোনো নারী প্রার্থীকে দেখা যায়নি কেন। ভবিষ্যতে এসব শীর্ষ পদে নারী নেতৃত্বকে সুযোগ দেওয়া হবে কি না, সে বিষয়েও প্রশ্ন তোলেন তিনি।
‘তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব’-ছাত্রনেতাদের জামায়াত আমির

জবাবে ডা. শফিকুর রহমান বলেন, নারীদের নেতৃত্বে আসার সুযোগ রয়েছে। এ সময় রাফিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, ‘ইনশাআল্লাহ, তুমি তৈরি হও। তোমার মতো যারা আছে, তাদের আমরা স্বাগত জানাব। আশা করি, শিবিরও বিষয়টি স্বাগত জানাবে।’
তবে জামায়াত আমিরের এমন বক্তব্যের পর রাফিয়া স্পষ্ট করেন, তিনি নিজের জন্য প্রশ্নটি করেননি। বরং ভবিষ্যতে অন্য নারীরাও যেন ছাত্র সংসদের গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব দেওয়ার সুযোগ পান, সেই বিষয়টি সামনে আনতেই তার এ প্রশ্ন।
এরপর ডা. শফিকুর রহমান আবারও রাফিয়াকে উদ্দেশ করে বলেন, ‘না না, তুমি মেয়েদের প্রতীক। তোমাকে প্রতীকীভাবে বলছি, তুমি প্রস্তুত হও।’
জামায়াত আমিরের এই বক্তব্যে ভবিষ্যতে ছাত্র সংসদ নির্বাচনে নারী নেতৃত্বের অংশগ্রহণ এবং শীর্ষ পদে নারীদের প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।
















