দীর্ঘদিনের অপেক্ষা ও জটিলতা কাটিয়ে অবশেষে চালুর পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল আলোচিত তৃতীয় টার্মিনাল। পরিচালনা নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তির বিষয়টি চূড়ান্ত হয়েছে। আগামী ৩০ নভেম্বর আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আগামী ১৬ ডিসেম্বর টার্মিনালটির উদ্বোধন করা হবে। এটি চালু হলে দেশের বিমানবন্দরের যাত্রীসেবা ও ধারণক্ষমতায় বড় পরিবর্তন আসবে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে জানা গেছে, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অগ্রাধিকার ভিত্তিতে তৃতীয় টার্মিনাল চালুর উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে বেবিচক, সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং জাপানি কনসোর্টিয়ামের মধ্যে দীর্ঘদিনের আলোচনা এগিয়ে নেওয়া হয়। গত ১০ নভেম্বর বেবিচকের ৩২১তম বোর্ড সভায় জাপানি কনসোর্টিয়ামের প্রস্তাবিত শর্তাবলি পর্যালোচনা শেষে অনুমোদন দেওয়া হয়।
চুক্তির বিষয়ে বিস্তারিত জানাতে আগামী রোববার (২৯ নভেম্বর) বেবিচক সদর দপ্তরের মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে। সেখানে তৃতীয় টার্মিনালের কনসেশন চুক্তি স্বাক্ষরসহ সংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরবে কর্তৃপক্ষ। পরদিন সোমবার (৩০ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাজধানীর একটি হোটেলে জাপানি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গণভোটের রায় উপেক্ষা করলে পুরোনো ফ্যাসিস্টদের ফেরার পথ তৈরি হবে: জামায়াত আমির

জানা যায়, তৃতীয় টার্মিনাল নির্মাণে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছিল ১৩ হাজার ৬১০ কোটি টাকা। পরবর্তী সময়ে প্রকল্প সংশোধন ও অতিরিক্ত কাজ যুক্ত হওয়ায় ব্যয় বেড়ে প্রায় ২২ হাজার কোটি টাকায় দাঁড়ায়। ২০১৯ সালের ৩০ ডিসেম্বর এর নির্মাণকাজ শুরু হয়। প্রকল্পের ৯৯ শতাংশের বেশি কাজ শেষ হওয়ার পর ২০২৩ সালের অক্টোবরে টার্মিনালটির সফট উদ্বোধন করা হয়। তবে পরিচালনা ও ব্যবস্থাপনা সংক্রান্ত জটিলতায় দুই বছরের বেশি সময় পেরিয়ে গেলেও এটি পুরোপুরি চালু করা সম্ভব হয়নি।
বহুল আলোচিত এই টার্মিনালের আয়তন প্রায় ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। বর্তমানে শাহজালাল বিমানবন্দরের প্রথম ও দ্বিতীয় টার্মিনাল দিয়ে বছরে প্রায় ৮০ লাখ যাত্রীকে সেবা দেওয়ার সক্ষমতা রয়েছে। তৃতীয় টার্মিনাল যুক্ত হলে বিমানবন্দরের মোট বার্ষিক যাত্রীসেবা সক্ষমতা বেড়ে প্রায় ২ কোটিতে পৌঁছাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নতুন টার্মিনালটিতে একসঙ্গে ৩৭টি উড়োজাহাজ পার্কিংয়ের ব্যবস্থা রাখা হয়েছে। যাত্রীদের লাগেজ সংগ্রহের জন্য থাকছে ১৬টি অত্যাধুনিক ব্যাগেজ বেল্ট। পাশাপাশি অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য থাকবে আরও চারটি পৃথক বেল্ট। লাগেজ ব্যবস্থাপনায় আধুনিক প্রযুক্তির পাশাপাশি থাকছে আলাদা স্টোরেজ ব্যবস্থা।
যাত্রীদের ভোগান্তি কমাতে টার্মিনালটিতে স্থাপন করা হয়েছে ১০টি স্বয়ংক্রিয় চেক-ইন কিয়স্ক। এসব যন্ত্রে পাসপোর্ট ও টিকিটের তথ্য প্রবেশ করালে স্বয়ংক্রিয়ভাবে বোর্ডিং পাস ও আসনসংক্রান্ত তথ্য পাওয়া যাবে। এরপর নির্ধারিত স্থানে লাগেজ জমা দিলে তা স্বয়ংক্রিয় ব্যবস্থায় উড়োজাহাজের নির্দিষ্ট স্থানে পৌঁছে যাবে। এ ছাড়া যাত্রীদের জন্য থাকবে ১০০টি চেক-ইন কাউন্টার।
শুধু আধুনিক যাত্রীসেবাই নয়, শিশু ও পরিবারের সদস্যদের সুবিধার বিষয়টিও রাখা হয়েছে নতুন টার্মিনালের নকশায়। প্রতিটি শৌচাগারের সামনে থাকবে বেবি কেয়ার লাউঞ্জ। সেখানে মায়েদের জন্য বুকের দুধ খাওয়ানোর আলাদা কক্ষ, শিশুর ডায়াপার পরিবর্তনের ব্যবস্থা এবং পারিবারিক বাথরুম থাকবে। শিশুদের জন্য রাখা হয়েছে খেলাধুলার আলাদা জায়গাও।
এ ছাড়া টার্মিনালে থাকছে স্বাস্থ্য পরীক্ষার কক্ষ, প্রাথমিক চিকিৎসাকেন্দ্র, বিভিন্ন রোগ পরীক্ষার ব্যবস্থা এবং আইসোলেশন কক্ষ। দীর্ঘ পথ হাঁটতে অসুবিধা হয় এমন যাত্রীদের জন্য থাকবে বিশেষ চলন্ত সিঁড়ি। যাত্রীদের অবসর সময় কাটানোর জন্য সিনেমা দেখার লাউঞ্জ ও এয়ারলাইনস লাউঞ্জ স্থাপনের পরিকল্পনাও রয়েছে।
সব মিলিয়ে তৃতীয় টার্মিনাল চালু হলে আন্তর্জাতিক মানের যাত্রীসেবা, আধুনিক লাগেজ ব্যবস্থাপনা এবং অতিরিক্ত যাত্রী ধারণক্ষমতার মাধ্যমে দেশের বিমান চলাচল খাতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করা হচ্ছে। তবে নির্ধারিত সময়ে উদ্বোধন ও পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর বিষয়টি চুক্তি বাস্তবায়ন এবং সংশ্লিষ্ট প্রস্তুতির ওপর নির্ভর করবে।
















