ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গাজীপুরের কোনাবাড়ীতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সোমবার সকালে কাজে যোগ না দিয়ে আন্দোলনে নামেন দুটি কারখানার শ্রমিকেরা। একপর্যায়ে কোনাবাড়ী-কাশিমপুর সড়ক অবরোধ করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। পরে শ্রমিকেরা সড়ক থেকে সরে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার বাইরে অবস্থান নেন। পরে দুই কারখানার বিপুলসংখ্যক শ্রমিক একত্র হয়ে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে বিক্ষোভ মিছিল শুরু করেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন

একপর্যায়ে বিক্ষোভকারীরা কোনাবাড়ী-কাশিমপুর সড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করেন। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে শিল্প পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে এ সময় শ্রমিকদের মধ্যে উত্তেজনা বাড়তে থাকলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে সড়ক থেকে সরে যান। পরে ওই সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছিলেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাঁদের ছত্রভঙ্গ করা হয়েছে।
তিনি আরও জানান, বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্য মোতায়েন রাখা হয়েছে।

















