জামাল উদ্দিন, আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:
ভোরের আলো ফুটতেই নদীর বুকে এক অপূর্ব দৃশ্য। কোমরসমান পানিতে দাঁড়িয়ে হাতে পূজার ডালা নিয়ে সূর্যোদয়ের অপেক্ষায় নারী-পুরুষ। ডালায় সাজানো ফলমূল, দুধ, ফুল ও প্রসাদ। সূর্যের প্রথম কিরণ দেখা দিতেই শুরু হয় প্রার্থনা ও অর্ঘ্য নিবেদন। ধর্মীয় বিশ্বাস, ভক্তি আর উৎসবের এমন আবহে জয়পুরহাটের আক্কেলপুরে তুলশী গঙ্গা নদীর তীরে উদযাপিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রাচীন ধর্মীয় উৎসব ছট পূজা।
সোমবার (১৬ নভেম্বর) সকালে আক্কেলপুর পৌর শহরের কাঁচাবাজার ব্রিজের পূর্ব পাশে তুলশী গঙ্গা নদীর তীরে এ পূজা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে ভোর থেকেই নদীর পাড়ে সমবেত হন বিভিন্ন বয়সী পুণ্যার্থীরা। পূজার আনুষ্ঠানিকতা দেখতে নদীর দুই পাড় ও ব্রিজের ওপর ভিড় করেন অসংখ্য দর্শনার্থী। নারী-পুরুষ ও শিশু-কিশোরদের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় এক মিলনমেলায়।
ধর্মীয় রীতি অনুযায়ী, কার্তিক মাসের শুক্লপক্ষের ষষ্ঠী ও সপ্তমী তিথিতে ছট পূজা উদযাপন করা হয়। এ ব্রত পালনে ভক্তরা প্রায় ৩৬ ঘণ্টা উপবাস থাকেন। সূর্যাস্ত ও সূর্যোদয়ের সময় নদী বা জলাশয়ে দাঁড়িয়ে সূর্যদেবের উদ্দেশে অর্ঘ্য নিবেদন করেন তাঁরা। পরিবারের মঙ্গল, সন্তানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় এ পূজা পালন করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারের প্রতিবাদে জুড়ীতে সংবাদ সম্মেলন

পূজার আনুষ্ঠানিকতা শুরু হয় রোববার (১৫ নভেম্বর) বিকেলে। এদিন উপবাসী পুণ্যার্থীরা তুলশী গঙ্গা নদীতে নেমে অস্তগামী সূর্যকে দুধ ও জল দিয়ে অর্ঘ্য নিবেদন করেন। প্রার্থনা শেষে স্নান করে বাড়ি ফিরে যান তাঁরা। পরে সোমবার ভোরে আবারও নদীর তীরে সমবেত হয়ে উদীয়মান সূর্যের উদ্দেশে ফলমূল, ঠেকুয়া, দুধ, ফুল, জল ও প্রদীপ দিয়ে পূজা-অর্চনা করেন। এর মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী ছট পূজার আনুষ্ঠানিকতা।
আয়োজক কমিটির সদস্যরা জানান, ভারতের বিহার, ঝাড়খণ্ডসহ বিভিন্ন অঞ্চলে ছট পূজার ব্যাপক প্রচলন রয়েছে। আক্কেলপুরেও দীর্ঘদিন ধরে তুলশী গঙ্গা নদীর তীরে এ উৎসব উদযাপিত হয়ে আসছে। তবে পূজার সময় নদীর পাড়ে যাতায়াতের জন্য ভালো রাস্তা না থাকায় পুণ্যার্থীদের দুর্ভোগ পোহাতে হয়। এ সমস্যা সমাধানে নদীর পাড়ে চলাচলের উপযোগী রাস্তা নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।
ছট পূজার ধর্মীয় তাৎপর্য তুলে ধরে ঋষি কুমার বলেন, প্রচলিত বিশ্বাস অনুযায়ী, প্রভু রাম বনবাস শেষে অযোধ্যায় ফিরে এলে মা সীতা তাঁর দীর্ঘায়ু কামনায় এ ব্রত পালন করেছিলেন। সেই বিশ্বাস ও পরম্পরা অনুসরণ করে সনাতন ধর্মাবলম্বী মায়েরা সন্তান ও পরিবারের মঙ্গল, সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনায় ছট মাতার উদ্দেশে এ ব্রত পালন করেন।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আক্কেলপুর উপজেলা শাখার সভাপতি ওমপ্রকাশ আগরওয়ালা বলেন, যুগ যুগ ধরে ধর্মীয় পরম্পরায় এ পূজা উদযাপিত হয়ে আসছে। তুলশী গঙ্গা নদীর তীরে হরিজন, রবিদাস, রজক ও মারওয়ারিসহ বিভিন্ন সম্প্রদায়ের সনাতন ধর্মাবলম্বীরা তাঁদের মনোবাসনা পূরণ ও বিশ্বশান্তি কামনায় ছট মাতার কাছে প্রার্থনা করেন। এ ব্রত পালনে উপবাসীরা প্রায় ৩৬ ঘণ্টা উপবাস থাকেন।

















