কুমিল্লার দাউদকান্দিতে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং ৩৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মাদক ও অস্ত্র পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে এবং মো. জাকারিয়া ইদ্রিস (৪৫) নামের এক চালককে গ্রেফতার করা হয়েছে।
আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত ২টা ১০ মিনিটে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা-গোমতী টোল প্লাজার কাছে ঢাকামুখী লেনে বিশেষ চেকপোস্ট পরিচালনা করার সময় পুলিশ এই তল্লাশি চালায়। এ সময় ওই সন্দেহভাজন পিকআপে তল্লাশি চালিয়ে এই বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, পিকআপটির চালকের আসনের নিচ থেকে একটি বিদেশি পিস্তল, সাত রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে পিকআপের বডির ওপরের স্টিলের পাত কেটে বিশেষ কৌশলে তৈরি করা চেম্বার থেকে ৩৬ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। মোট ৩৩টি জ্যামিতি বক্সের মধ্যে ১৮০টি প্যাকেটে এসব ইয়াবা ট্যাবলেট অত্যন্ত নিখুঁতভাবে লুকিয়ে রাখা হয়েছিল।
‘মাকে সঙ্গে দিলে সুইসাইড করব’, ইউএনওকে বললেন ছেলে!

দাউদকান্দি মডেল থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও অস্ত্র আইনে পৃথক মামলা রুজু করে আদালতে সোপর্দ করার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

















