আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে মাঠে নামছে বাংলাদেশ। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে শুক্রবার (৯ অক্টোবর) দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। আফগানিস্তানের শক্তিশালী স্পিন আক্রমণ মোকাবিলা করে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামতে চায় টাইগাররা। উইকেটের ধরন বিবেচনায় একাদশ সাজানোর পরিকল্পনা রয়েছে বাংলাদেশ দলের।
গত এক দশকে স্পিননির্ভর বোলিং দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে আফগানিস্তান। সীমিত ওভারের ক্রিকেটের পাশাপাশি টেস্টেও তাদের স্পিনাররা প্রতিপক্ষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও আফগান স্পিনারদের চাহিদা রয়েছে। তাই আসন্ন টেস্টের আগে প্রতিপক্ষের স্পিন আক্রমণ নিয়ে সতর্ক বাংলাদেশ দল।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামের উইকেট নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁর মতে, উইকেট কিছুটা ধীরগতির হতে পারে, তবে ব্যাটিংয়ের জন্য ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।
আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ!

শান্ত বলেন, ‘উইকেট গতকাল একটু দেখা হয়েছে, আজকে আবার দেখব। দেখে ভালো মনে হয়েছে। হয়তো একটু স্লো থাকতে পারে। আশা করি ব্যাটিংয়ের জন্য ভালো হবে। আশা করছি যে খুব ভালো একটা টেস্ট ম্যাচই হবে।’
উইকেটের পরিস্থিতি বিবেচনায় ব্যাটিং ও বোলিংয়ের সমন্বয় রেখে একাদশ সাজাতে পারে বাংলাদেশ। সম্ভাব্য একাদশে রয়েছেন তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম ও নাইম হাসান।
বাংলাদেশের সম্ভাব্য একাদশে স্পিন বিভাগে মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাইম হাসানের পাশাপাশি পেস আক্রমণে হাসান মাহমুদ ও শরিফুল ইসলামকে রাখা হয়েছে। তবে চূড়ান্ত একাদশ নির্ভর করবে উইকেটের অবস্থা ও টিম ম্যানেজমেন্টের কৌশলের ওপর।
















