ঢাকা শহরে তিন দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধের হুঁশিয়ারির প্রতিবাদে রাজধানীর মোহাম্মদপুর চার রাস্তার মোড়ে সড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকেরা। রোববার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে তাঁদের এ কর্মসূচি শুরু হয়। এতে মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে এবং আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।
অটোরিকশা চালকদের অভিযোগ, কোনো কারণ ছাড়াই তাঁদের গাড়ি আটক করে ডাম্পিং করা হচ্ছে। এমনকি ইউটার্ন নেওয়ার সময়ও গাড়ি আটক করা হচ্ছে। পরে গাড়ি ছাড়ানোর জন্য গেলে নানা অজুহাতে দিনের পর দিন ঘোরানো হয়, কিন্তু গাড়ি ফেরত দেওয়া হয় না।
এক চালক বলেন, তাঁদের অবরোধের মূল দাবি হলো সড়কে অটোরিকশা চলাচলের সুযোগ দেওয়া। তাঁর অভিযোগ, কয়েকজন চালক গাড়ি ছাড়ানোর কাগজ হাতে নিয়ে ঘুরছেন। নির্ধারিত দিনে গাড়ি ফেরত দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এর প্রমাণ হিসেবে তাঁদের কাছে কাগজপত্রও রয়েছে বলে জানান তিনি।
সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ

চালক আরও বলেন, গাড়ি আটকে রাখায় তাঁদের আয় বন্ধ হয়ে যাচ্ছে। এতে পরিবার নিয়ে চরম বিপাকে পড়েছেন তাঁরা। স্ত্রী, সন্তান ও মা-বাবার ভরণপোষণ চালানো কঠিন হয়ে পড়েছে। অনেকে ঋণ করে অটোরিকশা কিনেছেন। কিন্তু গাড়ি আটকে থাকায় আয় করতে না পারায় ঋণের কিস্তিও পরিশোধ করতে পারছেন না।
আরেক চালক বলেন, পুরো ঢাকা শহরে অটোরিকশা চালানোর দাবি তাঁদের নয়। বরং যেসব সড়কে তাঁদের চলাচলের অনুমতি রয়েছে, সেসব সড়কে গাড়ি চালানোর সুযোগ চান তাঁরা। তাঁর অভিযোগ, মিরপুর রোডে অটোরিকশা চলাচলের অনুমতি না থাকায় তাঁরা সেখানে যান না। কিন্তু এখন ধানমন্ডি সড়কেও চলাচলে বাধা দেওয়া হচ্ছে এবং সেখানে গেলেই গাড়ি আটক করা হচ্ছে।
চালকদের দাবি, তাঁদের নির্ধারিত সড়কে চলাচলের সুযোগ দিতে হবে এবং আটক করা অটোরিকশাগুলো দ্রুত ফেরত দিতে হবে। এসব সমস্যার সমাধান না হওয়ায় জীবিকা রক্ষার দাবিতে তাঁরা রাজপথে নেমেছেন।
অবরোধের কারণে মোহাম্মদপুর, বসিলা ও গাবতলীমুখী সড়কে চলাচলকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

















