কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার গোয়ালবাথান এলাকার বেগম সুফিয়া মডেল হাইস্কুল ও নজরুল মেমোরিয়াল প্রাইমারি ইনস্টিটিউটে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মো. মজিবুর রহমান। এতে সভাপতিত্ব করেন শিক্ষক দিদার। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বিপুলসংখ্যক অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. মজিবুর রহমান বলেন, “শিক্ষা ছাড়া কোনো জাতির মুক্তি নেই। আমি গোয়ালবাথানের সন্তানদের জন্য গর্বিত। বেগম সুফিয়া মডেল হাইস্কুল শুধু একটি বিদ্যালয় নয়, এটি আমাদের ভবিষ্যৎ গড়ার কারখানা। আমি কথা দিচ্ছি, এই বিদ্যালয়কে আধুনিক ও মডেল বিদ্যালয়ে রূপান্তরিত করা হবে। এখানে কোনো অনিয়ম, দুর্নীতি বা কোচিং বাণিজ্য চলবে না। শিক্ষকদের সম্মান করুন, তারা আপনার সন্তান গড়ার কারিগর। অভিভাবকদের বলব, সন্তানকে সময় দিন, হাতে মোবাইল ফোন নয়, বই তুলে দিন। আমি আপনাদের পাশে আছি, এই বিদ্যালয়ের যেকোনো উন্নয়নে আমার দরজা ২৪ ঘণ্টা খোলা রয়েছে।”
গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!

সমাবেশে অনুভূতি প্রকাশ করে মো. আনোয়ার হোসেন নামের এক অভিভাবক বলেন, “আমরা দিনমজুর মানুষ। সন্তানকে মানুষ করার জন্য এই বিদ্যালয়ই আমাদের একমাত্র ভরসা। আজকের এই সমাবেশে এসে মনে হলো বিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের ডেকেছে, আমাদের কথা শুনছে। আমরা চাই আমাদের ছেলেমেয়ে যেন ভালো মানুষ হয়।”
আরেক অভিভাবক রেহানা বেগম বলেন, “আগে বিদ্যালয়ে কী হতো তা জানতাম না। আজ শিক্ষকেরা আমাদের বুঝিয়েছেন কীভাবে সন্তানদের যত্ন নিতে হবে এবং মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে হবে। এমন আয়োজন প্রতি মাসে হওয়া দরকার।”
মো. সোহেল রানা নামের অপর এক অভিভাবক বলেন, “সাংসদ মো. মজিবুর রহমানের বক্তব্য শুনে আমরা আশান্বিত হয়েছি। তিনি শিক্ষার জন্য যে স্বপ্ন দেখছেন, আমরা তার সাথে আছি। আমাদের দাবি, বিদ্যালয়ে আরও ভালো ল্যাব ও কম্পিউটার ক্লাস চালু করা হোক।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “অভিভাবকদের সহযোগিতা ছাড়া শিক্ষা সম্পূর্ণ হতে পারে না। আমরা আপনাদের সর্বাত্মক সহযোগিতা চাই। সন্তান স্কুলে না এলে বা পড়াশোনা না করলে আমাদের জানান। আমরা সবাই মিলে গোয়ালবাথানকে শিক্ষার একটি মডেল এলাকা হিসেবে গড়ে তুলব।”
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং দোয়া ও মোনাজাতের মাধ্যমে আয়োজনের সমাপ্তি ঘটে।

















