শাহ আলম, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার কর্তিমারী এলাকায় ডিসি সড়কে মালবোঝাই ট্রাক ও ইজিবাইকের সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ মোট পাঁচজন নিহত হয়েছেন।
আজ শনিবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে ময়মনসিংহ থেকে রৌমারীগামী একটি ইজিবাইক কর্তিমারীর শিবেরডাঙ্গী এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবোঝাই ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকে থাকা তিনজন যাত্রী নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় অন্য যাত্রীদের রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে আরও দুজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একই পরিবারের তিন জন হলেন- রৌমারীর চতলাকান্দা গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী লিপি খাতুন (৩৩) এবং তাদের দুই শিশু সন্তান রিশাদ (১২) ও তুবা (৭)। এ ছাড়া অপর নিহত ব্যক্তি হলেন কর্তিমারি বাজার এলাকার শরিফা বেগম (৪২)। তবে দুর্ঘটনায় নিহত ইজিবাইকচালকের নাম ও পরিচয় এখনো পাওয়া যায়নি।
শ্রীল্লভপুর ঘোষপাড়া শ্রীশ্রী কালী মন্দির পরিদর্শনে কৃষিমন্ত্রী আমিনুর রশিদ ইয়াসিন

এই দুর্ঘটনায় বৃষ্টি (২৫) নামের এক নারী গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত একই পরিবারের তিনজন ময়মনসিংহে এক আত্মীয়ের বাড়ি থেকে ইজিবাইকে করে রৌমারীতে ফিরছিলেন বলে জানা গেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী এবং রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএইচএফপিও ডা. আব্দুস সামাদ জানান, দুর্ঘটনা কবলিত ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

















