গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ মো. মাসুদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার কর্মকর্তার নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার (১৯ অক্টোবর) রাত ৯টা ৫ মিনিটে গাইবান্ধা সদর থানাধীন ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের টেংগরজানী গ্রামে অভিযান চালায়।
এ সময় ওই গ্রামের মাসুদ মিয়ার টিনশেড বসতবাড়ির শয়নকক্ষে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে তার পরিহিত নীল রঙের লুঙ্গির ডান কোচর থেকে নীল রঙের জিপারে রাখা হালকা কমলা রঙের ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়।
দুর্গোৎসবের নিরাপত্তা আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত শক্তির প্রতিফলন : আনসার মহাপরিচালক

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ মিয়া ইয়াবা ট্যাবলেট কেনাবেচার উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় গাইবান্ধা সদর থানায় একটি মামলা করা হয়েছে। মামলা নম্বর ৩৬, তারিখ ২০ অক্টোবর ২০২৬। পুলিশ জানিয়েছে, বর্তমানে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

















