ঢালিউডের একসময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম মারা গেছেন। মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে রাজধানীর মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। দীর্ঘদিন ধরে কিডনির জটিলতা ও বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন তিনি।
অভিনেতা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাংগঠনিক সম্পাদক সনি রহমান পপির মায়ের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার রাতে মরিয়ম বেগমের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়ার প্রস্তুতি চলছিল। তবে রাত ১টার দিকে তাঁর মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৪ অক্টোবর রাজধানীর গুলশানের নিকেতনে নিজ বাসায় মরিয়ম বেগমের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। এরপর ওই রাতেই তাঁকে মগবাজারের ইনসাফ বারাকা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান।
তানজিন তিশার বিরুদ্ধে ফের মামলা, ২৩ নভেম্বর আদালতে হাজিরার নির্দেশ!

বুধবার ফজরের নামাজের পর ঢাকায় মরিয়ম বেগমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে তাঁর মরদেহ খুলনায় গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।
মরিয়ম বেগমের মৃত্যুতে পপির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের অসুস্থতার পর মাকে হারানোর এই ঘটনায় শোকাহত তাঁর পরিবার।
















