চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থী মাইশা মুশিফরাত। তার মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে একটি মোবাইল কভারের ছবি। কভারে লেখা রয়েছে, ‘Death like autumn leaves’—অর্থাৎ, শরতের ঝরা পাতার মতো মৃত্যু। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘Stray Birds’ কাব্যগ্রন্থের একটি বিখ্যাত উক্তির অংশ এটি। উক্তিটির পূর্ণাঙ্গ অর্থ—জীবন গ্রীষ্মের ফুলের মতো সুন্দর হোক, আর মৃত্যু হোক শরতের পাতার মতো।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিরায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ দুর্ঘটনা ঘটে। একটি লরির ধাক্কায় লোকাল বাস উল্টে গেলে সড়কে দাঁড়িয়ে থাকা তিন শিক্ষার্থী বাসটির নিচে চাপা পড়েন। গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থী মাইশা। আহত অপর দুই শিক্ষার্থী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুটি লরি পাশাপাশি যাওয়ার সময় একটি লরি অন্যটিকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ৮ নম্বরের একটি লোকাল বাসকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গিয়ে তিন শিক্ষার্থী চাপা পড়েন।
অ্যাম্বুলেন্সে মিলল ৬৭২ বোতল ভারতীয় স্কাফ সিরাপ, আটক ২!

বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইভা জানান, দুর্ঘটনার শিকার তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সকালে ক্যাম্পাসে আসছিলেন।
বারআউলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট শফিউল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুর্ঘটনায় জড়িত দুটি লরি ও বাসটি থানা হেফাজতে নেওয়া হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দীন তালুকদার জানান, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা মাইশাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

















