গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার চরাঞ্চলের দরিদ্র ও অসহায় ৮ হাজার ৫০০ পরিবারকে পরিবারপ্রতি ৬০ হাজার টাকা করে শর্তহীন আর্থিক সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব পরিবারের জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়াতে এ সহায়তা প্রদান করা হবে।
‘চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স (চর) বাংলাদেশ প্রকল্প’-এর আওতায় আন্তর্জাতিক সংস্থা গিভডিরেক্টলির সহযোগিতায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) প্রকল্পটি বাস্তবায়ন করছে।
রোববার (৮ নভেম্বর) সকালে গাইবান্ধায় জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে প্রকল্পের বিস্তারিত তথ্য তুলে ধরেন জিইউকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস সালাম।
কুড়িগ্রামে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

অনুষ্ঠানে জানানো হয়, ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, ফজলুপুর ও এরেন্ডাবাড়ি ইউনিয়ন এবং সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের মোট ৮ হাজার ৫০০ পরিবার এ সহায়তার আওতায় আসবে। দুই ধাপে প্রতিটি পরিবারকে মোট ৬০ হাজার টাকা দেওয়া হবে। এর মধ্যে চলতি নভেম্বর মাসে প্রথম ধাপে ৯ হাজার টাকা এবং আগামী ডিসেম্বরে দ্বিতীয় ধাপে বাকি ৫১ হাজার টাকা বিতরণ করা হবে।
জিইউকের প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম বলেন, এ অর্থ ব্যবহারের ক্ষেত্রে উপকারভোগীদের ওপর কোনো ধরনের শর্ত আরোপ করা হবে না। পরিবারগুলো নিজেদের প্রয়োজন ও অগ্রাধিকার অনুযায়ী ঘরবাড়ি মেরামত, গবাদিপশু কেনা, ক্ষুদ্র ব্যবসা শুরু বা সম্প্রসারণ, সন্তানদের শিক্ষা কিংবা সঞ্চয়ের কাজে অর্থ ব্যয় করতে পারবে।
তিনি আরও বলেন, চরাঞ্চলের দরিদ্র পরিবারগুলোকে নিজেদের প্রয়োজন অনুযায়ী অর্থ ব্যবহারের স্বাধীনতা দেওয়াই এ উদ্যোগের মূল লক্ষ্য। এর ফলে পরিবারগুলোর আর্থিক সক্ষমতা বৃদ্ধি, জীবনযাত্রার মান উন্নয়ন এবং প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।
মিট দ্য প্রেস অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিইউকের পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর রিশাত, গিভডিরেক্টলির অ্যাসোসিয়েট ফিল্ড ম্যানেজার মো. রাশেদুল ইসলাম এবং প্রকল্প সমন্বয়কারী জয়া প্রসাদসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
















