মৃত্যুর মাত্র দুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেলি ফুলগাছ নিয়ে আবেগঘন একটি পোস্ট দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হুসাইন কবির অপু (২৫)। তার সেই শেষ ইচ্ছার কথা স্মরণ করে পরিবারের পক্ষ থেকে দাফনের পর কবরের পাশে লাগানো হয়েছে একটি বেলি ফুলগাছ।
বুধবার (১১ নভেম্বর) রাত ৯টার দিকে পাবনার মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হন অপু। পরদিন বৃহস্পতিবার সকাল ১০টায় জানাজা শেষে আতাইকুলার রঘুনাথপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।
নিহত অপু আতাইকুলা থানার আড়িয়াডাঙ্গী উচ্চবিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এবং রঘুনাথপুর গ্রামের আব্দুল কাদেরের ছোট ছেলে।
আমি মরি নাই, জ্যাতা আছি, আমারে জ্যাতা বানিয়ে দেন!

পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, ২০১৮ সালে আতাইকুলা উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের মেধাতালিকায় অষ্টম স্থান অর্জন করেন অপু। পরে নটর ডেম কলেজ ও ড্যাফোডিল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন। সর্বশেষ তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত ছিলেন।
বুধবার রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে পাবনার উদ্দেশে রওনা হন অপু। রাত ৯টার দিকে মাধপুর-শোলাবাড়িয়া মহাসড়কের শোলাবাড়িয়া এলাকায় পৌঁছালে কাজিরহাটগামী আব্দুল্লাহ আলিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় বৃহস্পতিবার আতাইকুলা থানায় মামলা হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের পর দাফন সম্পন্ন করা হয়েছে।
















