যুক্তরাষ্ট্রের জনপ্রিয় গসপেল ও কান্ট্রি সংগীতশিল্পী রিচার্ড স্টারবান আর নেই। গ্র্যামিজয়ী সংগীত দল ‘দ্য ওক রিজ বয়েজ’-এর দীর্ঘদিনের বেস ভোকালিস্ট ও কান্ট্রি মিউজিক হল অব ফেমের সদস্য এই শিল্পী ৮৩ বছর বয়সে মারা গেছেন। শনিবার (১৫ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের হেন্ডারসনভিলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত থাকার পাশাপাশি ব্রঙ্কাইটিস ও নিউমোনিয়ার জটিলতায় ভুগছিলেন এই সংগীতশিল্পী। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছে পরিবার ও ব্যান্ড কর্তৃপক্ষ।
পরিবার ও ‘দ্য ওক রিজ বয়েজ’-এর পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, দীর্ঘদিনের অসুস্থতার সঙ্গে লড়াই শেষে মারা গেছেন রিচার্ড স্টারবান। তাঁর মৃত্যুতে যুক্তরাষ্ট্রের গসপেল ও কান্ট্রি সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৭২ সালে ‘দ্য ওক রিজ বয়েজ’ সংগীত দলে যোগ দেন রিচার্ড স্টারবান। এর আগে তিনি কিংবদন্তি সংগীতশিল্পী এলভিস প্রিসলির ব্যাকআপ ভোকালিস্ট হিসেবে কাজ করেছেন। তবে পরবর্তী সময়ে সেই কাজ ছেড়ে গসপেল সংগীতের জনপ্রিয় এই দলে যোগ দেন। দীর্ঘদিন দলটির সঙ্গে যুক্ত থেকে নিজের কণ্ঠ ও পরিবেশনার মাধ্যমে শ্রোতাদের কাছে বিশেষ পরিচিতি অর্জন করেন তিনি।
কঠিন সময়ে পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞ বর্ষা, চাইলেন দোয়া!

দলটির অন্যতম জনপ্রিয় গান ‘এলভিরা’ আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক পরিচিতি এনে দেয়। কয়েক দশক ধরে ব্যান্ডের সঙ্গে নিয়মিত মঞ্চে সংগীত পরিবেশন করেছেন স্টারবান। তবে শারীরিক অসুস্থতার কারণে ২০২৫ সালে নিয়মিত সংগীত সফর ও সরাসরি পরিবেশনা থেকে সরে দাঁড়ান তিনি।
দীর্ঘ সংগীতজীবনে ‘দ্য ওক রিজ বয়েজ’ পাঁচটি গ্র্যামি পুরস্কার অর্জন করেছে। পাশাপাশি সংগীতের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য ২৩ বার মনোনয়ন পেয়েছে দলটি। যুক্তরাষ্ট্রের একাধিক প্রেসিডেন্টের সামনে সংগীত পরিবেশন করার পাশাপাশি ‘আমেরিকান ব্যান্ডস্ট্যান্ড’, গ্র্যামি অ্যাওয়ার্ডস এবং ‘গ্র্যান্ড ওলে অপ্রি’র মতো বিখ্যাত আয়োজনেও অংশ নিয়েছে তারা।
এ ছাড়া কিংবদন্তি কান্ট্রি সংগীতশিল্পী জনি ক্যাশের সঙ্গে বিভিন্ন সংগীত সফরে অংশ নিয়েছে দলটি। পল সাইমনের জনপ্রিয় গান ‘স্লিপিং স্লাইডিন’ অ্যাওয়ে’-তেও ব্যাকআপ ভোকাল দিয়েছিল ‘দ্য ওক রিজ বয়েজ’।
দীর্ঘ কয়েক দশকের সংগীতজীবনে গসপেল ও কান্ট্রি সংগীতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন রিচার্ড স্টারবান। তাঁর কণ্ঠ, পরিবেশনা ও সংগীতকর্মের মধ্য দিয়ে শ্রোতাদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন এই কিংবদন্তি শিল্পী।
















