ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। প্রায় এক ঘণ্টা পর শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়। এদিকে চলমান শ্রম অসন্তোষের কারণে গাজীপুরের ১৭টি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আরও দুটি কারখানায় আজকের জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে গাজীপুরের কোনাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার সকালে কোনাবাড়ী এলাকার এবিএম ফ্যাশন ও যমুনা কারখানার শ্রমিকেরা কাজে যোগ না দিয়ে কারখানার প্রধান ফটকের সামনে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা বিক্ষোভ শুরু করেন এবং গুরুত্বপূর্ণ কোনাবাড়ী–কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করে যান চলাচল বন্ধ করে দেন।
মহেশপুরে অভিভাবক সমাবেশ, কিশোরীদের সচেতনতামূলক প্রশিক্ষণ ও চেক বিতরণ

খবর পেয়ে শিল্প পুলিশ, জেলা পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা শ্রমিকদের সড়ক ছেড়ে দেওয়ার অনুরোধ জানান। তবে এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বেশ কয়েকটি কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পুলিশের এ পদক্ষেপের পর প্রায় এক ঘণ্টা ধরে চলা বিক্ষোভের অবসান ঘটে। সকাল ৯টার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে চলে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, দুটি কারখানার শ্রমিকেরা কারখানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করা হয়। শিল্পাঞ্চলে পুলিশ ও বিজিবি মোতায়েন রয়েছে।
এদিকে গাজীপুরের চলমান শ্রম অসন্তোষের কারণে ১৭টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও দুটি কারখানায় সোমবারের জন্য সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
গাজীপুর বিজিবি-৬৩ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ইশতিয়াক আহমেদ জানান, শিল্পাঞ্চলের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় পুলিশ ও আনসার বাহিনীর পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি সদস্য সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব জানান, গাজীপুর শিল্পাঞ্চলে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে ছয় প্লাটুন আনসার সদস্য মোতায়েন রয়েছেন।
শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে সৃষ্ট এ পরিস্থিতিতে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখাকে গুরুত্ব দিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
















