জুড়ী (মৌলভীবাজার) সংবাদদাতা:
সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রচার করে পাওনা টাকা আত্মসাতের ষড়যন্ত্র এবং সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ট্রাভেলস ব্যবসায়ী ও পর্তুগাল প্রবাসী রুহেল আহমদ।
সোমবার (১৬ নভেম্বর) মৌলভীবাজারের জুড়ীতে রুহেল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।
লিখিত বক্তব্যে রুহেল আহমদ বলেন, তিনি দীর্ঘদিন ধরে জুড়ীতে সুনামের সঙ্গে ট্রাভেলস ব্যবসা পরিচালনা করে আসছেন। এ সময় ইউরোপের বিভিন্ন দেশে অনেক মানুষকে পাঠিয়েছেন এবং তার দাবি অনুযায়ী, এ নিয়ে কারও কোনো অভিযোগ নেই।
কালিয়াকৈরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি: ২০ কারখানা বন্ধ, ছাত্রলীগের ২০ জনের জামিন নামঞ্জুর

তিনি অভিযোগ করেন, গত ১৪ নভেম্বর মো. আব্দুল লতিফ নামে পর্তুগাল প্রবাসী এক ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ফেসবুক আইডি (MD Abdul Latif) থেকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তার বিরুদ্ধে ৬০০ মানুষের বিপুল পরিমাণ টাকা পাওনার কথা প্রচার করেন। তার দাবি, এ তথ্য সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট এবং এর মাধ্যমে তার ব্যক্তিগত সুনাম ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ন করা হচ্ছে।
তিনি বলেন, ট্রাভেলস ব্যবসাসংক্রান্ত প্রায় ৭০ লাখ টাকা কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের কানেহাত গ্রামের লকুছ মিয়ার ছেলে পর্তুগাল প্রবাসী মো. নোমান হোসাইনের কাছে পাওনা রয়েছে। ওই টাকা আদায়ের জন্য সামাজিকভাবে একাধিকবার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গত ২৪ সেপ্টেম্বর মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমল আদালতে মো. নোমান হোসাইনসহ চারজনের বিরুদ্ধে একটি পিটিশন মামলা দায়ের করেন। যার মামলা নম্বর সিআর-৪৮৩/২০২৬ (কুলা)।
মামলার অপর অভিযুক্তদের মধ্যে রয়েছেন শেখ মোহাম্মদ জাকারিয়া ও তুহিন আহমদ। রুহেল আহমদের অভিযোগ, মামলার প্রধান অভিযুক্তের ঘনিষ্ঠ আত্মীয় মো. আব্দুল লতিফ সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। এর মাধ্যমে পাওনা টাকা আদায়ের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করা এবং তাকে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। এসব অপপ্রচারের কারণে তার ব্যক্তিগত সম্মান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের সুনাম ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ ঘটনায় তিনি সংশ্লিষ্টদের বিরুদ্ধে সাইবার ট্রাইব্যুনালে মামলা করে আইনি প্রতিকার ও ন্যায়বিচার চাইবেন বলে জানান।
সংবাদ সম্মেলনে তিনি প্রকৃত ঘটনা গণমাধ্যমের মাধ্যমে জনসম্মুখে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি আদালতের মাধ্যমে তার পাওনা টাকা আদায় এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

















