ফেসবুক ব্যবহারকারীদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। একটি ফেসবুক অ্যাকাউন্টের অধীনে একাধিক অতিরিক্ত প্রোফাইল তৈরির সুবিধা স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ফলে অতিরিক্ত প্রোফাইলগুলো আর ব্যবহার করা যাবে না। তবে ব্যবহারকারীদের মূল ফেসবুক অ্যাকাউন্ট ও প্রোফাইল আগের মতোই সচল থাকবে।
সংবাদমাধ্যম ব্যাংকক পোস্টের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
২০২৩ সালের সেপ্টেম্বরে ফেসবুকে ‘অ্যাডিশনাল প্রোফাইল’ বা অতিরিক্ত প্রোফাইল সুবিধা চালু করা হয়। এ ফিচারের মাধ্যমে একটি ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করেই একাধিক আলাদা প্রোফাইল তৈরি করতে পারতেন ব্যবহারকারীরা। ব্যক্তিগত যোগাযোগ, কর্মক্ষেত্রের পরিচিতি তৈরি কিংবা বিভিন্ন ফেসবুক গ্রুপে অংশগ্রহণের মতো ভিন্ন ভিন্ন প্রয়োজনে এসব প্রোফাইল ব্যবহার করা যেত। এর জন্য আলাদা ইমেইল ঠিকানা বা নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হতো না।
বিশ্বজুড়ে সাইবার আতঙ্ক, বাংলাদেশের ওয়েবসাইট কতটা নিরাপদ?

মেটার নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল অ্যাকাউন্টের অধীনে তৈরি অতিরিক্ত প্রোফাইলগুলো বন্ধ করে দেওয়া হবে। তবে এতে ব্যবহারকারীদের মূল প্রোফাইলের কার্যক্রম, বন্ধু তালিকা কিংবা মূল অ্যাকাউন্টের অন্যান্য সুবিধায় কোনো পরিবর্তন আসবে না।
তবে অতিরিক্ত প্রোফাইলে থাকা ছবি, ভিডিও, পোস্টসহ ব্যক্তিগত তথ্য সংরক্ষণের জন্য ব্যবহারকারীদের ১৪ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে প্রয়োজনীয় তথ্য ডাউনলোড বা অন্য কোথাও সংরক্ষণ করে নিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য সংরক্ষণ না করলে পরবর্তী সময়ে সেগুলো স্থায়ীভাবে মুছে ফেলা হতে পারে।
এদিকে, অতিরিক্ত প্রোফাইল ব্যবহার করে যাঁরা বিভিন্ন ফেসবুক গ্রুপ পরিচালনা করছেন, তাঁদের জন্যও রয়েছে বিশেষ নির্দেশনা। মেটা তাঁদের দ্রুত মূল প্রোফাইলে গ্রুপের প্রশাসক বা অ্যাডমিনের দায়িত্ব হস্তান্তরের পরামর্শ দিয়েছে। অন্যথায় কোনো গ্রুপে মূল প্রোফাইলের অধীনে অ্যাডমিন না থাকলে নতুন অ্যাডমিন নিয়োগ না হওয়া পর্যন্ত গ্রুপটি সাময়িকভাবে স্থগিত থাকতে পারে।
যেভাবে অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করবেন
অতিরিক্ত প্রোফাইল বন্ধ হওয়ার আগে প্রয়োজনীয় ছবি, পোস্ট ও অন্যান্য ব্যক্তিগত তথ্য ডাউনলোড করতে প্রথমে সংশ্লিষ্ট অতিরিক্ত প্রোফাইলে প্রবেশ করতে হবে। এরপর ‘Settings & Privacy’ থেকে ‘Settings’ অপশনে যেতে হবে। সেখানে ‘Your Information and Permissions’ বিভাগে গিয়ে ‘Export Your Information’ নির্বাচন করতে হবে।
এরপর ‘Create Export’ অপশনে ক্লিক করে যে অতিরিক্ত প্রোফাইলের তথ্য সংরক্ষণ করতে চান, সেটি নির্বাচন করতে হবে। পরবর্তী ধাপে তথ্য নিজের ডিভাইসে নাকি অন্য কোনো বাহ্যিক সেবায় সংরক্ষণ করবেন, তা নির্ধারণ করতে হবে। সবশেষে প্রয়োজনীয় তথ্যের ধরন নির্বাচন করে আবার ‘Create Export’ অপশনে ক্লিক করলেই তথ্য সংরক্ষণের প্রক্রিয়া শুরু হবে।
তাই অতিরিক্ত প্রোফাইল ব্যবহারকারীদের নির্ধারিত সময়ের আগেই প্রয়োজনীয় তথ্য সংরক্ষণ এবং পরিচালিত গ্রুপগুলোর অ্যাডমিনের দায়িত্ব মূল প্রোফাইলে হস্তান্তরের প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
















