হাফিজুর রহমান, বাগেরহাট:
বাগেরহাটের ফকিরহাটে একটি ভাড়া বাসা থেকে মেহেদী হাসান (২২) নামের এক বাসচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
নিহত বাসচালক বরগুনা সদর এলাকার জামাল সরদারের ছেলে। তিনি তার স্ত্রীকে নিয়ে এক সপ্তাহ আগে উপজেলার লখপুর ইউনিয়নের বড়খাজুরা গ্রামে একটি ভাড়া বাসায় বসবাস শুরু করেন।
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন দিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা!

ফকিরহাট মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) ভবতোষ রায় বলেন, বাসচালক মেহেদী হাসান সোমবার দিবাগত রাতের কোনো একসময় ঘরের আড়ার সঙ্গে গলায় কাপড় দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করা হয়। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা এখনো জানা যায়নি।
নিহতের স্ত্রী মুন্নি আক্তার বলেন, রাতে তিনি অন্য কক্ষে ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে ঘরের আড়ার সঙ্গে গলায় কাপড় দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় তার স্বামীর মরদেহ দেখতে পান।
বাড়ির মালিক হৃদয় ইসলামের স্ত্রী মোছা. আসমা বেগম বলেন, ওই দম্পতি গত ১১ নভেম্বর তাদের বাড়ির দুটি কক্ষ ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রজিউল্লাহ খান বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন আসলে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা সঠিকভাবে জানা যাবে।

















