নামের শেষে ‘ফকির’ পদবি থাকায় ছোটবেলা থেকেই নানা কটুকথা শুনতে হয়েছে তাকে। কেউ সামনে, কেউবা আড়ালে করেছেন নেতিবাচক মন্তব্য। তবে এসব কথাকে পেছনে ফেলে নিজের স্বপ্ন পূরণে দৃঢ় ছিলেন ভোলার বোরহানউদ্দিনের ফ্রান্সপ্রবাসী মো. শাহিন ফকির। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন, একদিন তাকে দেখতে গ্রামবাসীর ভিড় জমবে। অবশেষে বিয়ের পর নববধূকে হেলিকপ্টারে করে নিজ গ্রামে নিয়ে এসে সেই স্বপ্ন পূরণ করেছেন তিনি। ব্যতিক্রমী এই আয়োজন ঘিরে পুরো গ্রামে তৈরি হয় উৎসবের আমেজ।
বুধবার (২৫ নভেম্বর) দুপুরে ভোলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ফকিরকান্দি গ্রামের সর্দার বাড়িতে পৌঁছান শাহিন ও তার নববধূ। ধানখেতের পাশে আগে থেকেই তৈরি করা হেলিপ্যাডে হেলিকপ্টারটি অবতরণ করে। নবদম্পতির আগমনের খবর পেয়ে বিভিন্ন বয়সী ও পেশার শত শত মানুষ সেখানে ছুটে আসেন। একনজর নবদম্পতিকে দেখতে ভিড় করেন স্থানীয়রা। তাদের আগমন ঘিরে পুরো এলাকায় সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ।
শাহিন ফকির ওই গ্রামের মো. সিরাজ ফকিরের ছেলে। দীর্ঘ সাত বছর ধরে ফ্রান্সে বসবাস করছেন তিনি। ঢাকার চিটাগাং রোডের সাদ্দাম মার্কেটসংলগ্ন কর্নক টাওয়ারে জাঁকজমকপূর্ণ আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। এরপর মা-বাবার ইচ্ছা পূরণ এবং নিজের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নে হেলিকপ্টারে করে নববধূকে নিয়ে গ্রামের বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেন শাহিন। এ জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতিও নেওয়া হয়।
চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড

ব্যতিক্রমী এই আয়োজনের প্রস্তুতি চলে প্রায় দুই সপ্তাহ ধরে। ধানখেতের মধ্যে হেলিপ্যাড তৈরি, প্রশাসনকে অবহিত করা, গ্রামবাসীকে দাওয়াত দেওয়া, বাড়িঘর পরিপাটি করা এবং রাস্তাঘাট সংস্কারসহ নানা কাজ করা হয়। ধীরে ধীরে হেলিকপ্টারে করে নববধূ নিয়ে শাহিনের বাড়ি ফেরার খবর ছড়িয়ে পড়ে পুরো এলাকায়। গ্রামের চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আলোচনার বিষয় হয়ে ওঠে এই আয়োজন। কেউ বলেন, ‘বাপের বেটা শাহিন দেখিয়ে দিল’, আবার কেউ তার ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন।
নামের শেষে ‘ফকির’ পদবি নিয়ে ছোটবেলা থেকে নানা মন্তব্য শুনতে হলেও শাহিন নিজের পরিচয় ও স্বপ্নকে ঘিরে আলাদা কিছু করার প্রত্যয় ধরে রেখেছিলেন। বিয়ের মতো বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তোলার পাশাপাশি গ্রামবাসীকে আনন্দ দেওয়ার মধ্য দিয়েও সেই স্বপ্নের প্রতিফলন ঘটেছে বলে মনে করছেন স্থানীয়রা।
নিজের অনুভূতি জানিয়ে শাহিন ফকির বলেন, ‘বিয়ে তো অনেকেই করেন, প্রত্যেকের আয়োজনও থাকে ভিন্ন ভিন্ন। আমি চেয়েছি সবার চেয়ে একটু ব্যতিক্রমীভাবে জীবনের এই বিশেষ মুহূর্তটি উদ্যাপন করতে। সেই ভাবনা থেকেই হেলিকপ্টারে করে ঢাকা থেকে নববধূকে নিয়ে আসার আয়োজন করেছি।’
দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হওয়ায় শাহিন ও তার পরিবারের সদস্যরা আনন্দিত। অন্যদিকে নবদম্পতির এমন আয়োজনে খুশি গ্রামবাসীও। তারা শাহিন ও তার স্ত্রীর সুখী, সুন্দর ও সমৃদ্ধ দাম্পত্য জীবন কামনা করেছেন।

















