দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দেওয়া এবং শাপলা চত্বরে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অপশক্তি বাংলাদেশে টিকে থাকতে পারেনি, দেশ ছেড়ে পালিয়েছে বলে মন্তব্য করেছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সার। তিনি বলেছেন, আলেম-ওলামা ও ছাত্রজনতার ওপর যারা গুলি চালিয়েছিল, দেশের মানুষ তাদের কখনো মেনে নেবে না। এসব অপশক্তির বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র-শিক্ষকসহ সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে আবারও প্রতিরোধ গড়ে তুলবে।
শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে চট্টগ্রামের পটিয়া আল-জামিয়া আল-ইসলামিয়ার ৮৭তম বার্ষিক মহাসম্মেলনের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ধর্ম প্রতিমন্ত্রী।
মোহাম্মদ শামীম কায়সার বলেন, শাপলা চত্বরে যারা রক্ত ঝরিয়েছে এবং দাড়ি-টুপি দেখলেই মানুষকে জঙ্গি আখ্যা দিয়েছে, সেই অপশক্তি এ দেশে টিকে থাকতে পারেনি। তারা দেশ ছেড়ে পালিয়েছে। তাদের বিরুদ্ধে মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছিলেন। আলেম-ওলামা ও ছাত্রজনতার ওপর যারা গুলি চালিয়েছিল, এ দেশের মানুষ তাদের কখনো মেনে নেবে না। প্রয়োজনে তাদের বিরুদ্ধে আবারও ঐক্যবদ্ধভাবে মাঠে নামবে দেশের মানুষ।
‘তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব’-ছাত্রনেতাদের জামায়াত আমির

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে জুলাই-আগস্টের আন্দোলনে পটিয়া মাদ্রাসার ভূমিকার কথা তুলে ধরেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। তিনি বলেন, মাদ্রাসার ছাত্ররা যেদিন আন্দোলনের মাঠে নেমেছিলেন, সেদিনই শেখ হাসিনার পতন হয়েছিল। ফ্যাসিবাদের পতন ঘটাতে মাদ্রাসার শিক্ষার্থীদের ভূমিকা অনস্বীকার্য। এ আন্দোলনে তারাও সর্বাত্মকভাবে শিক্ষার্থীদের পাশে ছিলেন বলে জানান তিনি।
মাদ্রাসার মহাপরিচালক একরামুল হক ওদুদীর সভাপতিত্বে দুই দিনব্যাপী এ মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। এতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ দেশবরেণ্য আলেম-ওলামা ও বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা।
















