বাংলাদেশের সঙ্গে বিদ্যমান ভ্রাতৃপ্রতিম সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। দুই দেশের অভিন্ন ইতিহাস, সাংস্কৃতিক ঘনিষ্ঠতা ও পারস্পরিক বন্ধনের কথা তুলে ধরে তিনি সংসদীয়, প্রাতিষ্ঠানিক এবং জনগণ পর্যায়ে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন। একই সঙ্গে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ এবং তাঁর সফরসঙ্গী সংসদীয় প্রতিনিধিদলের সম্মানে আয়োজিত এক নৈশভোজে এসব কথা বলেন শাহবাজ শরিফ।
পাকিস্তানের প্রধানমন্ত্রীর দপ্তরের প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে শাহবাজ শরিফ দুই দেশের সম্পর্ককে ভ্রাতৃপ্রতিম হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, অভিন্ন ইতিহাস ও সাংস্কৃতিক বন্ধনকে ভিত্তি করে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন। এ ক্ষেত্রে দুই দেশের সংসদীয় পর্যায়ে যোগাযোগ সম্প্রসারণের পাশাপাশি জনগণের মধ্যে সম্পর্ক জোরদার করাও গুরুত্বপূর্ণ।
‘তোমাদের বয়স হয়েছে, ভালো জায়গায় বিয়ে করিয়ে দেব’-ছাত্রনেতাদের জামায়াত আমির

এদিকে একই দিন পাকিস্তান জামায়াতে ইসলামীর আমির হাফিজ নাঈম উর রহমানের নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদলের সঙ্গেও বৈঠক করেন শাহবাজ শরিফ। বৈঠকে পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন এবং সাধারণ মানুষের জীবনযাত্রায় স্বস্তি ফিরিয়ে আনতে দলটির পক্ষ থেকে দেওয়া বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এসব প্রস্তাব বাস্তবায়নের সম্ভাবনা পর্যালোচনায় একটি কমিটি গঠনের ঘোষণা দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
অন্যদিকে চীনের রাষ্ট্রদূত জিয়াং জাইদংয়ের সঙ্গে পৃথক এক সাক্ষাৎকালে পাকিস্তান ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়েও কথা বলেন শাহবাজ শরিফ। এ সময় পাকিস্তানের প্রথম নভোচারী মুহাম্মদ জিশান আলীকে নিয়ে চীনের মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করা ‘শেনঝো-২৪’ মিশনকে দুই দেশের দৃঢ় বন্ধুত্বের জীবন্ত প্রমাণ হিসেবে উল্লেখ করেন তিনি।
এ ছাড়া দেশের স্বাস্থ্যসেবা ও রোগ নজরদারি কার্যক্রম আরও কার্যকর করতে ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ এবং প্রাদেশিক সরকারগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দিয়েছেন শাহবাজ শরিফ। পাশাপাশি রত্নপাথর খাতের রপ্তানি সম্প্রসারণেও বিভিন্ন উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। এ খাতে আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন, আধুনিক খনন প্রযুক্তির ব্যবহার এবং দক্ষ জনবল তৈরির ওপর গুরুত্ব দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
দক্ষ জনশক্তি গড়ে তুলতে মাস্টার ট্রেইনারদের শ্রীলঙ্কা ও থাইল্যান্ডে প্রশিক্ষণের জন্য পাঠানোর নির্দেশনাও দিয়েছেন তিনি।
সব মিলিয়ে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন, পাকিস্তানের অর্থনৈতিক অগ্রগতি এবং আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারে একই দিনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে অবস্থান তুলে ধরেছেন শাহবাজ শরিফ।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
















