সুনামগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ধারারগাঁও-হালুয়ারঘাট সেতু নির্মাণের দাবি জানানোর প্রস্তুতি নিয়েছেন সুনামগঞ্জ সদর উপজেলার উত্তর সুরমা এলাকার তিন ইউনিয়নের লাখো মানুষ। স্থানীয় বিএনপি নেতারা জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর প্রধানমন্ত্রী সুনামগঞ্জে আসবেন শুনে সুরমার উত্তরপাড়ের মানুষ আনন্দিত। উত্তর সুরমাবাসী দলমত-নির্বিশেষে বড় জমায়েত নিয়ে ওই দিন সুনামগঞ্জ স্টেডিয়ামে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ব্যানার ও ফেস্টুনে ‘হালুয়ারঘাট-ধারারগাঁও’ সেতু নির্মাণের আবেদনসংবলিত স্লোগান লিখে তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করবেন বলে ওই বিএনপি নেতা জানান।
স্বাধীনতোত্তর বাংলাদেশে প্রায় ৫৫ বছর ধরে সুনামগঞ্জ শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীর হালুয়ারঘাট-ধারারগাঁও এলাকায় সেতু নির্মাণের দাবি জানিয়ে আসছেন সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা, জাহাঙ্গীরনগর, রঙ্গারচর এবং দোয়ারাবাজার উপজেলার সীমান্তবর্তী তিন ইউনিয়নের মানুষ।
এলাকার বাসিন্দারা মনে করেন, এখানে সেতু নির্মিত হলে সেখানকার উৎপাদিত সবজি সারা দেশে বিক্রির সুবিধা হবে এবং দুই উপজেলার তিন লাখের বেশি মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি সদর উপজেলার ডলুরা সীমান্তে বাংলাদেশ-ভারত সীমানায় স্থলবন্দর চালুর দীর্ঘদিনের প্রক্রিয়াও ত্বরান্বিত হবে।
সেতু নির্মাণের জন্য সুনামগঞ্জ সদর আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল সম্প্রতি প্রধানমন্ত্রীর বরাবর ডিও লেটার দিয়েছেন। ডিও লেটারের অনুলিপি তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রীর কাছেও দিয়েছেন তিনি। এতে এটি তার নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বলেও উল্লেখ করেছেন। এ ছাড়া সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি হালুয়ারঘাটসহ তার নির্বাচনী এলাকার তিনটি সেতু নির্মাণ জরুরি বলে প্রধানমন্ত্রীসহ দায়িত্বশীল মন্ত্রীদের নজরে আনার চেষ্টা করেছেন। এর আগে বিগত সরকারের সময়কালে তৎকালীন সংসদ সদস্য ড. মোহাম্মদ সাদিক কয়েক দফায় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট দপ্তরে সেতু নির্মাণের অনুরোধ জানিয়ে ডিও লেটার দিয়েছেন। সাবেক সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ্ও বিষয়টি সংসদে উত্থাপন করেছেন।
ঝুঁকির মুখে গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য

জাহাঙ্গীরনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমাছ উদ্দিন শিপু বলেন, ‘প্রধানমন্ত্রী ১২ ডিসেম্বর সুনামগঞ্জ স্টেডিয়ামে “কান্ট্রিগেমস” উদ্বোধন করতে আসবেন শুনে আমরা এ অঞ্চলবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি তার নজরে আনার চেষ্টা করব। হাজার হাজার জমায়েত নিয়ে সুনামগঞ্জ স্টেডিয়ামের প্রোগ্রামে অংশ নিতে চাচ্ছি এবং ব্যানার-ফেস্টুনে হালুয়ারঘাট-ধারারগাঁও সেতু নির্মাণের প্রসঙ্গটি প্রধানমন্ত্রীর নজরে আনার চেষ্টা থাকবে আমাদের।’ তিনি আরও বলেন, দেশ স্বাধীন হওয়ার পর যত সরকারই এসেছে এবং যারাই এখানে সংসদ সদস্য হয়েছেন, সবাই সেতু করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন; কিন্তু কোনো সরকারের সময়কালেই এ দাবি পূরণ হয়নি।
সুরমা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী তামিম জুবায়ের মিনহাজ বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে উত্তরপাড়ের লাখো মানুষের আবেদন পৌঁছানোর জন্য দলীয় এমপি নুরুল ইসলাম নুরুলসহ জেলার পাঁচ এমপিকেই অনুরোধ জানাব।’
সুনামগঞ্জ এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন বলেন, এই সেতুর জন্য সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল প্রধানমন্ত্রীর কাছে ডিও লেটার দিয়েছেন। এর অনুলিপি তিনি তৎকালীন স্থানীয় সরকারমন্ত্রী ও বর্তমান রাষ্ট্রপতিকে দিয়েছিলেন। সেতুটি নির্মাণের জন্য সরকারের শুরুতেই ‘উপজেলা ও ইউনিয়ন দীর্ঘ সেতু নির্মাণ প্রকল্প’-এ নতুন করে তিন মাস আগে প্রস্তাব দেওয়া হয়েছে। এটি এখন অনুমোদনের অপেক্ষায় আছে এবং এলজিইডির ডিজাইন ইউনিট নকশার কাজ করছে। সব মিলিয়ে সেতুটির প্রাথমিক কাজ এগিয়েছে।
সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল বলেন, ‘হালুয়ারঘাট-ধারারগাঁওয়ে সুরমা নদীর ওপর সেতু ও চলতি নদীর ওপর সেতু নির্মাণ করে সুরমার উত্তরপাড়ের মানুষের কষ্ট দূর করা, পৈন্দা নদীর ওপর সেতু নির্মাণ, বিশ্বম্ভরপুর ও ডলুরায় শুল্ক বন্দর, সুনামগঞ্জ-সিলেট মহাসড়ককে চার লেনে উন্নীত করা, সুনামগঞ্জ জেলা শহরকে রেললাইনের সঙ্গে যুক্ত করা, ফতেপুর-বিশ্বম্ভরপুর সড়ক যোগাযোগ স্থাপন এবং নদীভাঙন থেকে সুনামগঞ্জ শহর রক্ষাসহ নির্বাচনী এলাকার মানুষের প্রাণের দাবিগুলো সুযোগ পেলেই সংসদে বলাসহ নানা কর্তৃপক্ষকে জানানোর চেষ্টা করছি। প্রধানমন্ত্রীর কাছে সুযোগ পেলেই এসব প্রসঙ্গ বলব।’

















