কুষ্টিয়ায় জামায়াতের স্থানীয় কার্যালয় ও এক কাউন্সিলর পদপ্রার্থীর বাড়িতে হামলা, ভাঙচুর ও গুলিবর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা। কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে দল বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। এ ছাড়া ‘একটা মারলে দুইটা মারব’—এমন বক্তব্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন এই সংসদ সদস্য।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ফটোকার্ডে আমির হামজার এমন বক্তব্য তুলে ধরা হয়। হাস্যোজ্জ্বল একটি ছবি ব্যবহার করে তৈরি ওই ফটোকার্ডে লেখা ছিল, ‘একটা মারলে দুইটা মারব! কর্মীদের ওপর হামলার প্রতিশোধ নিতে জামায়াত বাধা দিলে প্রয়োজনে জামায়াত ছেড়ে দেব।’

একই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতেও আমির হামজাকে বলতে শোনা যায়, ‘সবর-মবর (অপেক্ষা) এখন বাদ। না, না, কোনো সবর নেই। দরকার হলে জামায়াত ছেড়ে দেব। মার খাওয়ার মধ্যে নেই, মার খাওয়ার মধ্যে নেই। একটা মারবে, দুইটা মারব, সেই ব্যবস্থা…।’
গণভোটের রায় উপেক্ষা করলে পুরোনো ফ্যাসিস্টদের ফেরার পথ তৈরি হবে: জামায়াত আমির

আমির হামজার এই বক্তব্য প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় আলোচনা-সমালোচনা। তবে শুক্রবার রাত সাড়ে ১০টার পর তাঁর ফেসবুক পেজ থেকে ফটোকার্ডটি সরিয়ে নেওয়া হয়। সরিয়ে নেওয়ার আগে পোস্টটিতে প্রায় ২১ হাজার ৮০০ প্রতিক্রিয়া, ১ হাজার ৯০০ মন্তব্য এবং ৪৮৩টি শেয়ার পড়েছিল।
জানা গেছে, গত বুধবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের জুগিয়া ভাটাপাড়া এলাকায় শহর জামায়াতের ইউনিট সদস্য ও দলটির মনোনীত কাউন্সিলর পদপ্রার্থী মো. শাহজাহানের কার্যালয় ও বাড়িতে হামলার ঘটনা ঘটে। এ সময় ব্যাপক ভাঙচুরের পাশাপাশি দুটি মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়। হামলার সময় কয়েক রাউন্ড গুলিবর্ষণের ঘটনাও ঘটে বলে জানা গেছে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তলের পাঁচ রাউন্ড তাজা গুলি এবং সাতটি গুলির খোসা উদ্ধার করে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর ছয়জন স্থানীয় কর্মী আহত হন। তাঁদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
এর আগে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আমির হামজা হামলার ঘটনার প্রসঙ্গ তুলে বক্তব্য দেন। এ সময় তিনি বলেছিলেন, ‘আমি সেখানে বলে এসেছি, যত দিন রাস্তা ঠিক না হবে, তত দিন এখানে কোনো ডাম্প ট্রাক চলবে না।’
এদিকে ফেসবুকে দেওয়া বক্তব্যের বিষয়ে জানতে সংসদ সদস্য মুফতি আমির হামজার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। ফলে ফটোকার্ডটি সরিয়ে নেওয়ার কারণ কিংবা এ বিষয়ে তাঁর আনুষ্ঠানিক ব্যাখ্যা জানা সম্ভব হয়নি।
ফলে কর্মীদের ওপর হামলার ঘটনায় আমির হামজার কঠোর অবস্থান এবং তাঁর ফেসবুক পেজ থেকে ফটোকার্ড সরিয়ে নেওয়ার বিষয়টি ঘিরে রাজনৈতিক অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে।
















