বিএনপি সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামী আবারও একজোট হয়ে ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। তাঁর অভিযোগ, ১৯৯৬ সালের মতো দুই দল মিলে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে। প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকে কেন্দ্র করে এক যুবকের ফেসবুক পোস্টে স্নাইপার দিয়ে হত্যার হুমকির ঘটনায়ও বিরোধী দলের উসকানি রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে কালীগঞ্জ উপজেলার চাপরাইল আবুবকর বিশ্বাস মকছেদ আলী কলেজে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন শেষে এসব কথা বলেন রাশেদ খাঁন।
তিনি বলেন, ১৯৯৬ ও ১৯৮৬ সালে আওয়ামী লীগের সঙ্গে জামায়াত জোট করেছিল। এখন আবারও দল দুটি এক হয়েছে বলে তিনি মনে করেন। তাঁর দাবি, আওয়ামী লীগ ও জামায়াত মিলে বিএনপি সরকারের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে।
২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি!

প্রধানমন্ত্রীর রাজশাহী সফরকালে এক যুবকের ফেসবুক পোস্টে স্নাইপার দিয়ে হত্যার হুমকির প্রসঙ্গ তুলে রাশেদ খাঁন বলেন, এ ঘটনার পেছনে বিরোধী দলের উসকানি ছিল কি না, তা খতিয়ে দেখা উচিত। বিরোধী দলের উসকানি ও বিতর্কিত অবস্থানের কারণেই ওই যুবক এমন মন্তব্য করার সাহস পেয়েছেন বলে অভিযোগ করেন তিনি।
এ সময় জামায়াতের আমিরেরও সমালোচনা করেন রাশেদ খাঁন। তিনি অভিযোগ করেন, জামায়াতের আমির ধারাবাহিকভাবে রাজনৈতিক মিথ্যাচার করছেন। তাঁর অতীত রাজনৈতিক কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে আওয়ামী লীগ ও জামায়াতের ষড়যন্ত্র মোকাবিলায় বিএনপি, ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে প্রস্তুত রয়েছেন বলে জানান।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, যুগ্ম সদস্যসচিব ইলিয়াস রহমান মিঠু, কলেজের অধ্যক্ষ মশিয়ার রহমানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।















