জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নতুন ক্রীড়া সংগঠন ‘ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে আজ। সোমবার (২ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংগঠনটির আত্মপ্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দেশের ক্রীড়া খাতের উন্নয়ন, বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ এবং তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার লক্ষ্য নিয়ে কাজ করবে সংগঠনটি।
নতুন এই সংগঠনের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রীড়া সংগঠক ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদীন ফাহিম। সদস্য সচিব করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক ও অর্থ কমিটির সাবেক চেয়ারম্যান এম নাজমুল ইসলামকে।
এনসিপির একাধিক সূত্র জানিয়েছে, সংগঠনটিতে সাবেক খেলোয়াড় ও অভিজ্ঞ ক্রীড়া সংগঠকদের যুক্ত করা হচ্ছে। শুরুতে সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করা হলেও পর্যায়ক্রমে এর পরিধি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
পোশাকশিল্পে অস্থিরতা: সরকারকে কঠোর অবস্থানের পরামর্শ জামায়াত আমিরের

এম নাজমুল ইসলাম বলেন, এনসিপির ক্রীড়া উইং হিসেবে তাঁরা কাজ শুরু করতে যাচ্ছেন। নাজমুল আবেদীন ফাহিম আহ্বায়ক এবং তিনি সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। এ ছাড়া সাবেক খেলোয়াড় ও অন্যান্য ক্রীড়া সংগঠকদেরও যুক্ত করা হচ্ছে। ধীরে ধীরে সংগঠনের পরিধি বাড়ানো হবে।
সংগঠনটির কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, ক্রীড়াঙ্গনের উন্নয়ন নিয়ে আলোচনা ও পরামর্শ দেওয়া হবে। শুধু ক্রিকেট নয়, দেশের সব ধরনের খেলাধুলা নিয়েই কাজ করবে ন্যাশনাল স্পোর্টস অ্যালায়েন্স। ক্রীড়াঙ্গনের কোথাও ভুলত্রুটি থাকলে তা তুলে ধরা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট দায়িত্বশীলদের সঙ্গে সংলাপেও বসবেন তাঁরা।
ভবিষ্যতে অর্থায়নের সুযোগ তৈরি হলে সরাসরি ক্রীড়ার উন্নয়নমূলক কর্মকাণ্ডেও যুক্ত হওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান এম নাজমুল ইসলাম।
















