পবিত্র নগরী মদিনায় সৌদি আরবের তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। হামলাটিকে পবিত্র স্থানগুলোর মর্যাদার ওপর অগ্রহণযোগ্য আঘাত হিসেবে উল্লেখ করে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে ঢাকা। তবে হামলার দায় নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট ও ইয়েমেনের হুথি গোষ্ঠী।
রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বাংলাদেশের এই অবস্থানের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়েছে, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশ সরকার তীব্র নিন্দা জানায়।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, মসজিদে নববীতে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে ইচ্ছাকৃতভাবে লক্ষ্যবস্তু করা ইসলামের পবিত্র স্থানগুলোর মর্যাদার ওপর অগ্রহণযোগ্য আঘাত। একই সঙ্গে সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশের পূর্ণ সংহতির কথাও জানানো হয়েছে।
মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

বিবৃতিতে আরও বলা হয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে—এমন যেকোনো আগ্রাসনমূলক কর্মকাণ্ড বাংলাদেশ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে।
এদিকে মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে হামলার জন্য ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দায়ী করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের দাবি, হামলায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রটির একটি ট্রান্সফরমার অকেজো হয়ে যায়। তবে এতে সৌদি আরবের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি বলেও দাবি করা হয়েছে।
তবে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হুথি গোষ্ঠী। তাদের পক্ষ থেকে মদিনার ওই বিদ্যুৎকেন্দ্রে কোনো হামলা চালানোর কথা অস্বীকার করা হয়েছে।
ফলে হামলার দায় নিয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্যের মধ্যেই মদিনার মতো পবিত্র নগরীতে বেসামরিক অবকাঠামোতে হামলার ঘটনায় নিজেদের অবস্থান স্পষ্ট করল বাংলাদেশ।

















