মক্কা চুক্তি নিয়ে তুরস্ক সরকারের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তুরস্ক সফরে দুই দেশের মধ্যে শিক্ষা, তৈরি পোশাকশিল্পসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান তিনি। একই সঙ্গে বিশ্বে চলমান অস্থিরতা নিরসনে সংঘাতের পরিবর্তে আলোচনার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।
রোববার (১১ অক্টোবর) সকালে তুরস্ক সফর ও সৌদি আরবে ওমরাহ পালন শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন শফিকুর রহমান।
তিনি বলেন, তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার অন্যতম উদ্দেশ্য ছিল আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশকে তুলে ধরা। সফরকালে তুরস্ক সরকারের সঙ্গে বৈঠক ও আলোচনায় বাংলাদেশের শিক্ষা, তৈরি পোশাকশিল্প এবং মক্কা চুক্তিসহ বিভিন্ন বিষয় উঠে এসেছে।
রিয়াদ বিমানবন্দরে হামলায় এবার এনসিপির নিন্দা ও শোক!

বর্তমান বিশ্ব পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে জামায়াত আমির বলেন, বিশ্ব এখন অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। কোনো ধরনের হামলাই বিশ্বের জন্য কল্যাণকর নয়। আলোচনার পথ ধরেই বিশ্বে শান্তি ফিরিয়ে আনা উচিত।
এর আগে গত ৭ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সেকেন্ড ইন্টারন্যাশনাল কনফারেন্স অন বাংলাদেশ স্টাডিজ’-এ অংশ নিতে দেশটিতে যান শফিকুর রহমান।
সম্মেলনে বাংলাদেশ ও তুরস্কসহ বিভিন্ন দেশের বিশিষ্ট শিক্ষাবিদ, নীতিনির্ধারক, কূটনীতিক, গবেষক এবং বিভিন্ন সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তুরস্ক সরকারের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনাও তার এই সফরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক ছিল।
















