সাফ চ্যাম্পিয়নশিপ থেকে স্বাগতিক বাংলাদেশের বিদায়ের পর ফাইনাল ম্যাচের টিকিটের দামে বড় ধরনের পতন ঘটেছে। যে টিকিটের দাম আগে ছিল ১ হাজার টাকা, সেটিই এখন পাওয়া যাচ্ছে মাত্র ২০০ টাকায়। অর্থাৎ চার ভাগের এক ভাগ দামে মাঠে বসে দেখা যাবে ভারত-পাকিস্তানের ফাইনাল।
আগামী মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। এই ম্যাচ ঘিরে দর্শকদের জন্য টিকিটের দাম কমিয়ে আনা হয়েছে। বর্তমানে গ্যালারিতে বসে খেলা দেখার টিকিট পাওয়া যাচ্ছে মাত্র ২০০ টাকায়।
রোববার (১৫ নভেম্বর) টিকিট বিক্রির দায়িত্বে থাকা প্রতিষ্ঠান টিকিফাইয়ের ওয়েবসাইটে ফাইনাল ম্যাচের গ্যালারি টিকিটের মূল্য ২০০ টাকা দেখা যায়। অথচ বাংলাদেশ সেমিফাইনালে উঠলে দাম কমানোর পরও একই টিকিটের মূল্য ছিল ৮০০ টাকা। প্রাথমিকভাবে টিকিটের দাম ছিল ১ হাজার টাকা।
আমি সত্যিই দুঃখিত, বাংলাদেশ, ফেসবুক পোস্টে ক্ষমা চাইলেন গোলরক্ষক শ্রাবণ!

শনিবার (১৪ নভেম্বর) অনুষ্ঠিত সেমিফাইনালে পাকিস্তানের কাছে ১-০ গোলে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় বাংলাদেশ। ফলে স্বাগতিক দলের ফাইনালে খেলার স্বপ্ন শেষ হয়ে যায়। জামাল-হামজাদের বিদায়ের পর দর্শকদের আগ্রহে ভাটা পড়ার আশঙ্কায় ফাইনালের টিকিটের দামও উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
তবে টিকিটের দাম চার গুণ কমিয়ে আনার পরও ফাইনালে গ্যালারিতে দর্শকদের উপস্থিতি কেমন হবে, তা নিয়ে শঙ্কা থেকেই যাচ্ছে। বিশেষ করে স্বাগতিক বাংলাদেশের অনুপস্থিতিতে ভারত-পাকিস্তানের লড়াই দেখতে দর্শকদের কতটা আগ্রহ তৈরি হয়, এখন সেটিই দেখার বিষয়।
















