গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বাড়ির একাধিক ঘর, আসবাবপত্র, গোয়ালঘর, ধান-চালসহ বিভিন্ন মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, হামলাকারীরা স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র লুটের পর বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
বুধবার (১৮ নভেম্বর) দুপুরে জিলানীর বাড়িতে গিয়ে দেখা যায়, বিভিন্ন ঘরের মেঝেতে তখনো আগুন জ্বলছে। চারদিকে ছড়িয়ে রয়েছে পোড়া আসবাবপত্র, ট্রাঙ্ক, স্যুটকেস ও গৃহস্থালির জিনিসপত্র। টিনের চাল আগুনে কালো হয়ে গেছে। কোনো কোনো ঘরের দেয়াল টিকে থাকলেও ভেতরের আসবাবপত্রের কিছুই অবশিষ্ট নেই। পুড়ে গেছে গোয়ালঘর, খড়ের পালা এবং ঘরে রাখা ধান-চাল।
বাড়িতে ঢুকতেই দেখা যায়, বিএনপি কর্মী ও এস এম জিলানীর চাচাতো ভাই তাইজুল শেখের একটি ঘর পুড়ে গেছে। ঘরের ভেতরে পোড়া আসবাবপত্র ও বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। পাশের আরেকটি টিনের ঘরের চাল কালো হয়ে গেছে। ভেতরের আসবাবপত্র ও ব্যবহারযোগ্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল

বাড়ির বৈঠকখানা ও অতিথিদের জন্য তৈরি করা প্যান্ডেলেও ভাঙচুরের চিহ্ন দেখা যায়। চেয়ার-টেবিল ভাঙা অবস্থায় পড়ে ছিল। একটি ঘরের চালের টিন খুলে টুকরা টুকরা করে ফেলে রাখা হয়েছে। পেছনে থাকা দুটি খড়ের পালায় তখনো আগুন জ্বলছিল। পাশের গোয়ালঘরটিও পুড়ে গেছে। আধাপাকা একটি ঘরের ইটের দেয়াল দাঁড়িয়ে থাকলেও ভেতরের টিন ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
বাড়ির উত্তর পাশে থাকা জিলানীর তিনতলা ভবনের ভেতরেও ভাঙচুর ও অগ্নিসংযোগের চিহ্ন দেখা যায়। ডাইনিং কক্ষে রান্না করা খাবার, কাচের টুকরা ও পোড়া ছাই ছড়িয়ে ছিল। কয়েকজন নারী ভবনের ভেতর থেকে অক্ষত জিনিসপত্র বের করছিলেন।
পরিবারের সদস্য আনিসা জানান, ঘটনার সময় বাড়িতে তালা দেওয়া ছিল। হামলাকারীরা এসে পাঁচ থেকে ১০ মিনিট ধরে তালা ভাঙেন। এরপর দোতলায় উঠে ঘরের স্বর্ণালংকার, টেলিভিশন, ফ্রিজ, গ্যাসের চুলা, সিলিন্ডার ও ওভেনসহ বিভিন্ন মালামাল নিয়ে যান। পরে পেট্রল ঢেলে ঘরে আগুন ধরিয়ে দেন বলে তাঁর অভিযোগ।
আনিসার আরও দাবি, ঘটনার সময় বাড়িতে পুলিশ দায়িত্ব পালন করছিল। হামলাকারীরা আসার পর ভয়ে পুলিশ সদস্যরা সেখান থেকে সরে যান।
এস এম জিলানীর ভাই হায়দার আলী জানান, মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত আনুমানিক আটটার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের চার থেকে পাঁচ শ নেতা-কর্মী তাদের বাড়িতে আসেন। প্রথমে প্যান্ডেল ভাঙচুরের পর বাড়ির বিভিন্ন ঘরে লুটপাট চালানো হয়। মালামাল নিয়ে যাওয়ার পর বিভিন্ন স্থানে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
হায়দার আলীর অভিযোগ, তাঁর ছোট বোনের ১০ ভরি এবং বড় বোন সেতারা ও ভাগনির আট ভরি স্বর্ণালংকার লুট করা হয়েছে। এ ছাড়া পাঁচটি ফ্রিজ, টেলিভিশন, ফ্যান, ওভেনসহ বিভিন্ন মালামাল নিয়ে যাওয়া হয়েছে। পরে বাড়িতে পেট্রল ঢেলে আগুন দেওয়া হয়।
এদিকে বাড়ির বিভিন্ন স্থানে আগুন জ্বলতে থাকায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি হয়। ধ্বংসস্তূপের পাশে স্বজনদের বিলাপ করতে দেখা যায়।
















