বিশ্বকাপ ফুটবলের ফাইনালে আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজের ভয়ংকর ট্যাকলে শূন্যে ছিটকে পড়েছিলেন স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসি। ম্যাচের সেই আলোচিত মুহূর্তের স্থিরচিত্র এবার জায়গা করে নিয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সাময়িকী টাইমের ২০২৬ সালের বর্ষসেরা ১০০ ছবির তালিকায়। একই তালিকায় স্থান পেয়েছে যুদ্ধবিধ্বস্ত গাজায় ধ্বংসস্তূপের মধ্যে নতুন করে তৈরি ফুটবল মাঠে ফিলিস্তিনি খেলোয়াড়দের অনুশীলনের একটি ছবিও।
চলতি বছর শেষ হতে আরও এক মাস বাকি থাকতেই ২০২৬ সালের সেরা ১০০ ছবির তালিকা প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রখ্যাত সাময়িকী টাইম। তালিকায় স্থান পাওয়া ছবিগুলোর মধ্যে খেলাধুলা, যুদ্ধ, মানবিক সংকটসহ বিশ্বের নানা গুরুত্বপূর্ণ ঘটনা উঠে এসেছে।

তালিকায় থাকা বিশ্বকাপ ফাইনালের ছবিটি ধারণ করেন গেটি ইমেজের আলোকচিত্রী আল বেল্লো। ছবিতে দেখা যায়, স্প্যানিশ ডিফেন্ডার পাউ কুবারসিকে কঠিন ট্যাকল করছেন আর্জেন্টাইন মিডফিল্ডার এনজো ফার্নান্দেজ। এনজোর আঘাতে কুবারসির শরীর মাটি থেকে অনেকটা ওপরে উঠে গেছে। মুহূর্তটি এতটাই নাটকীয় যে, ছবিতে মনে হচ্ছে এনজোর মাথার ওপর দিয়ে উড়ে যাচ্ছেন স্প্যানিশ এই ডিফেন্ডার।
ব্রাজিলের বর্তমান দল নিয়ে হতাশ রোনালদো, বললেন বিশ্বকাপ জেতার ক্ষমতা নেই!

ম্যাচের ভিডিওতেও দেখা গিয়েছিল, এনজোর ট্যাকলে কুবারসি ভারসাম্য হারিয়ে শূন্যে ছিটকে পড়েন এবং পরে ব্যথায় কুঁকড়ে ওঠেন। ঘটনাটির জন্য এনজো ফার্নান্দেজকে লাল কার্ড দেখানো হয়। ফাইনালের এই বিতর্কিত মুহূর্তটি শুধু ম্যাচের আলোচনাতেই সীমাবদ্ধ থাকেনি, বরং আলোকচিত্রীর ক্যামেরায় ধরা পড়া সেই দৃশ্য এবার আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি পেল।
ছবিটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে মাঠের ঘাসের ওপর দুই খেলোয়াড়ের ছায়া এবং মাঝমাঠের রেখা। সব মিলিয়ে ফুটবল মাঠের উত্তেজনা, সংঘর্ষ ও নাটকীয়তার এক অনন্য দৃশ্য উঠে এসেছে আল বেল্লোর তোলা স্থিরচিত্রে।
অন্যদিকে, টাইমের বর্ষসেরা ছবির তালিকায় স্থান পাওয়া গাজার ছবিটি যুদ্ধবিধ্বস্ত মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরেছে। গত ১৪ ফেব্রুয়ারি গাজা সিটিতে ছবিটি ধারণ করেন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) আলোকচিত্রী জেহাদ আলশরাফি।

ছবিতে দেখা যায়, ‘গাজা স্পোর্টস ক্লাবের’ বিপক্ষে ম্যাচের আগে অনুশীলন করছেন ‘আল-আহলি ক্লাবের’ খেলোয়াড়েরা। চারপাশে ধ্বংসস্তূপে ঘেরা একটি মাঠে চলছে তাদের অনুশীলন। ইসরায়েলের স্থল ও বিমান হামলায় আশপাশের বহু ভবন ধ্বংস হয়ে যাওয়ার পর ফিলিস্তিনি ফুটবল ফেডারেশন ধ্বংসস্তূপ সরিয়ে পুরোনো কৃত্রিম ঘাস বিছিয়ে মাঠটি আবার খেলার উপযোগী করে তোলে।
এই উদ্যোগের ফলে স্থানীয় ফুটবল দলগুলোর পাশাপাশি শারীরিক প্রতিবন্ধকতার মুখোমুখি হওয়া খেলোয়াড়দেরও আবার খেলাধুলায় ফেরার সুযোগ তৈরি হয়েছে। ইসরায়েল-হামাস যুদ্ধের সময় গাজার প্রধান ফুটবল স্টেডিয়ামটি পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার পর নতুন করে তৈরি এই মাঠ স্থানীয় ফুটবলারদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
দুটি ছবির বিষয়বস্তু আলাদা হলেও একটিতে ফুটবলের তীব্র প্রতিদ্বন্দ্বিতা ও নাটকীয়তা, অন্যটিতে যুদ্ধের ধ্বংসস্তূপের মধ্যেও মানুষের ঘুরে দাঁড়ানোর চেষ্টা ফুটে উঠেছে। এভাবেই ২০২৬ সালের উল্লেখযোগ্য মুহূর্তগুলোকে বিশ্বের সামনে তুলে ধরেছে টাইমের বর্ষসেরা ১০০ ছবির তালিকা।
















