ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন হেলাল উদ্দিন (৫০)। পাত্রী দেখা শেষে বাড়ি ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। তাঁর চালানো সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খালে পড়ে গেলে প্রাণ হারান তিনি। এ ঘটনায় তাঁর পরিবারের আরও চার সদস্য আহত হয়েছেন। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মিরসরাইয়ের বারইয়ারহাট থেকে আবুরহাট এলাকায় ছেলের বিয়ের জন্য পাত্রী দেখতে যান হেলাল উদ্দিনসহ পরিবারের পাঁচ সদস্য। পাত্রী দেখা শেষে ফেরার সময় অটোরিকশাটি নিজেই চালাচ্ছিলেন তিনি। পথে গোপীনাথপুর পাক্কার মাথা এলাকায় পৌঁছালে হঠাৎ অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি খালে পড়ে যায়।
এতে অটোরিকশার নিচে চাপা পড়ে গুরুতর আহত হন হেলাল উদ্দিন। একই সঙ্গে তাঁর পরিবারের অন্য চার সদস্যও আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত তাঁদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
ঝুঁকির মুখে গুরুতর আহত হয়েও দায়িত্বে অবিচল আনসার সদস্য

সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে হেলাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চারজনকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে কেউ হাতে, আবার কেউ পায়ে আঘাত পেয়েছেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফারিয়া শিল্পী জানান, দুর্ঘটনায় আহত পাঁচজনকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের মধ্যে হেলাল উদ্দিনকে পরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়। বাকি চারজনকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে ফেরার পথে সিএনজিচালিত অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহতের মরদেহ থানায় রাখা হয়েছে এবং স্বজনদের খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ছেলের বিয়ের জন্য পাত্রী দেখে নতুন আত্মীয়তার স্বপ্ন নিয়ে বাড়ি ফিরছিলেন হেলাল উদ্দিন। কিন্তু সেই ফেরা আর হলো না তাঁর। আনন্দের আয়োজনের আগেই পরিবারে নেমে এলো শোকের ছায়া।
















