জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্সের ভবিষ্যৎ, সাম্প্রতিক পারফরম্যান্স এবং দেশের ক্রিকেটের উন্নয়ন পরিকল্পনাসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজ সভায় বসছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তামিম ইকবালের নেতৃত্বাধীন পরিচালনা পর্ষদের এটি পঞ্চম সভা। সভায় সিমন্সের দায়িত্বে থাকা নিয়ে আলোচনা ছাড়াও আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠা, বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব এবং জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পারফরম্যান্স আশানুরূপ না হওয়ায় বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে পারে বোর্ড সভায়। বিশেষ করে প্রধান কোচ ফিল সিমন্সের দায়িত্বে থাকা নিয়ে নতুন করে ভাবছে বিসিবি। ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত তাঁর সঙ্গে বোর্ডের চুক্তি থাকলেও বর্তমান পরিস্থিতিতে তাঁর ভবিষ্যৎ নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিসিবির একটি অংশ মনে করছে, জাতীয় দলকে সঠিক পথে পরিচালনার জন্য এমন একজন কোচ প্রয়োজন, যিনি খেলোয়াড়দের শৃঙ্খলা ও পেশাদারত্বের বিষয়ে কঠোর অবস্থান নিতে পারবেন। সিমন্সের সঙ্গে খেলোয়াড়দের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কেউ কেউ তাঁর দুর্বলতা হিসেবে দেখছেন। তাঁদের ধারণা, এতে খেলোয়াড়দের ওপর কোচের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। ফলে সিমন্সের বিষয়ে বোর্ড কী সিদ্ধান্ত নেয়, সেদিকেই নজর রয়েছে ক্রিকেট সংশ্লিষ্টদের।
ব্রাজিলের বর্তমান দল নিয়ে হতাশ রোনালদো, বললেন বিশ্বকাপ জেতার ক্ষমতা নেই!

এদিকে দেশের ক্রিকেটের দীর্ঘমেয়াদি উন্নয়নে ঢাকার বাইরে আঞ্চলিক ক্রিকেট একাডেমি প্রতিষ্ঠার একটি প্রস্তাবও সভায় অনুমোদনের জন্য উঠতে পারে। এর মাধ্যমে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিভাবান ক্রিকেটার খুঁজে বের করা এবং তাদের প্রশিক্ষণের সুযোগ বাড়ানোর পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপের সেমিফাইনাল আয়োজনের প্রস্তাব এবং অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রিকেটের অবস্থান শক্তিশালী করতে এসব বিষয় গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।
সভায় বিসিবির কয়েকটি বিভাগের চেয়ারম্যান পরিবর্তনের বিষয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি জাতীয় দলের ভবিষ্যৎ পরিকল্পনা, নারী ক্রিকেট দলের আসন্ন সিরিজ এবং বাংলাদেশের মাটিতে অনুষ্ঠেয় নারী অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির অগ্রগতি নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
সব মিলিয়ে জাতীয় দলের কোচের ভবিষ্যৎ থেকে শুরু করে দেশের ক্রিকেটের অবকাঠামোগত উন্নয়ন ও আন্তর্জাতিক আয়োজন—বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় ঘিরে আজকের বিসিবি বোর্ড সভার দিকে তাকিয়ে রয়েছে দেশের ক্রিকেটাঙ্গন।
















