চার দিনের সরকারি সফর শেষে আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে জাপানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া দুই দেশের মধ্যে কৃষি, অবকাঠামো, সাইবার নিরাপত্তা, তথ্যপ্রযুক্তি ও শিল্পের মানোন্নয়নসহ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
টোকিওর হানেদা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রীর রওনা হওয়ার কথা রয়েছে। এরপর রাতেই ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর অবতরণের কথা রয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী জাপানের শীর্ষ নেতাদের সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেন। সফরের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ছিল জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠক। এতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়।
তুরাগ নদ থেকে উদ্ধার সাবেক সেনা কর্মকর্তা তাহসিফের লাশ, পকেটে মিলল আইফোন ও ঘড়ি!

এ ছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। জাপানি বিনিয়োগকারী ও শীর্ষ ব্যবসায়ী নেতাদের নিয়ে আয়োজিত ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট সামিট’-এ অংশ নিয়ে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের সম্ভাবনাও তুলে ধরেন তিনি।
সফরের শেষ দিকে টোকিওতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে প্রবাসীদের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি দেশের উন্নয়ন, সংস্কার ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন তিনি।
















