গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরের বোর্ডবাজারে অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) ৩৮তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। এতে ওআইসির ১৬টি সদস্য দেশের মোট ৬৫৯ জন গ্র্যাজুয়েট স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ডিগ্রি গ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন। সমাবর্তন বক্তা হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এবং ব্র্যাক ইউনিভার্সিটির বিশিষ্ট অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ।
আজ রবিবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উৎসবমুখর ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে এই সমাবর্তন অনুষ্ঠিত হয়। অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) অধিভুক্ত আইইউটির এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. হোসেন আরাবি নূরসহ বিশিষ্ট অতিথি, কূটনীতিক, শিক্ষক ও অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষামন্ত্রী ড. এ. এন. এম. এহসানুল হক মিলন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানান। তিনি তাদের সব সময় কৌতূহলী থাকা, উচ্চশিক্ষা গ্রহণ এবং সততা ও নিষ্ঠার সাথে বাংলাদেশ এবং বৃহত্তর মুসলিম উম্মাহর সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান।
আশুলিয়ায় ২২০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেফতার

সমাবর্তন বক্তা মাহদী আমিন ও অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ গ্র্যাজুয়েটদের সততা বজায় রাখা, আজীবন শেখার মানসিকতা ধারণ এবং সমাজের কল্যাণে অর্জিত জ্ঞান কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন বিন ইবনে রিয়াজ বলেন, “আইইউটি বিশ্বব্যাপী একটি মর্যাদাপূর্ণ ও উৎকর্ষের কেন্দ্রে পরিণত হতে প্রতিশ্রুতিবদ্ধ। মুসলিম উম্মাহসহ বৃহত্তর বিশ্বের অগ্রগতিতে অবদান রাখতে বিশ্ববিদ্যালয়টি গবেষণা, প্রযুক্তিগত উদ্ভাবন ও আন্তর্জাতিক অংশীদারত্ব জোরদারে কাজ করছে।” তিনি গ্র্যাজুয়েটদের উদ্দেশে বলেন, তাদের অর্জিত ডিগ্রি শুধু একটি সনদ নয়; বরং সততা, পেশাদারত্ব ও সহমর্মিতার সাথে সমাজের সেবা করার গুরুদায়িত্বও।
ওআইসির মহাসচিব ও আইইউটির চ্যান্সেলর ইসমাইল ওল্ড শেখ আহমেদ তার বার্তায় নৈতিক নেতৃত্বসম্পন্ন গ্র্যাজুয়েট তৈরি এবং অর্জিত জ্ঞানকে বাস্তব সমস্যার সমাধানে কাজে লাগানোর ক্ষেত্রে আইইউটির ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে অব্যাহত সহযোগিতার জন্য তিনি বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানান।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সমাবর্তনে বিভিন্ন বিভাগের মোট ৬৫৯ জন গ্র্যাজুয়েট ডিগ্রি গ্রহণ করেন। তাদের মধ্যে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৫৫ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৪৯ জন, মেকানিক্যাল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৪৭ জন, সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১২৬ জন, বিজনেস অ্যান্ড টেকনোলজি ম্যানেজমেন্ট বিভাগে ৫৭ জন এবং টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন বিভাগে ২৫ জন রয়েছেন।
এ ছাড়া অসাধারণ একাডেমিক সাফল্যের স্বীকৃতি হিসেবে সুমাইয়া আহমেদ রানীকে ‘ওআইসি গোল্ড মেডেল’ প্রদান করা হয়। একই সঙ্গে আশফাক সিরাজ শুভ, মুহাম্মদ সাফায়াত জামিল, খালিদ হাসান আদর, আদিবা জাহীন, ফারহান লবিব ও তাসফিয়া মাহমুদকে ‘আইইউটি গোল্ড মেডেল’ দেওয়া হয়।

















