নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফেরার পথে ডাকাতের কবলে পড়েছেন ইসলামিক বক্তা রফিকুল ইসলাম মাদানি। রোববার দিবাগত রাতে এশিয়ান হাইওয়ে সড়কের পাকুন্ডা এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাঁর গাড়ি থেকে কোনো কিছু খোয়া যায়নি। ফেসবুক লাইভে এসে সড়কে ডাকাতির চেষ্টার কথা জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানিয়েছে।
জানা গেছে, কুমিল্লায় একটি ওয়াজ মাহফিল শেষে বাড়ি ফিরছিলেন রফিকুল ইসলাম মাদানি। পথে সোনারগাঁয়ের পাকুন্ডা এলাকায় সড়কের ওপর বড় বড় পাথর ফেলে গাড়ির গতিরোধ করার চেষ্টা করে একদল ডাকাত। এ সময় ডাকাতদের হাতে ধারালো অস্ত্র ছিল বলে ফেসবুক লাইভে জানান তিনি।
লাইভে রফিকুল ইসলাম মাদানি জানান, তাঁর গাড়ি কিছুটা দূরে থাকায় এবং চালক দ্রুত গাড়ি ঘুরিয়ে নেওয়ায় তাঁরা রক্ষা পান। তাৎক্ষণিকভাবে ফেসবুক লাইভে এসে পরিস্থিতির কথা জানানোর পাশাপাশি বিপদ থেকে রক্ষা পেতে আকুতিও জানান তিনি।
শ্বশুরের মৃত্যুর একদিন পরই মারা গেলেন পুত্রবধূ!

তিনি আরও জানান, একই এলাকায় অন্য একটি গাড়ির চালকের কাছ থেকে টাকা-পয়সা নিয়ে পালিয়ে যায় ডাকাতরা। তবে তাঁর নিজের গাড়ি থেকে কোনো কিছু নিতে পারেনি ডাকাতরা।
এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক জানান, সেখানে ডাকাতির চেষ্টা করা হয়েছে, তবে ডাকাতি সংঘটিত হয়নি। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনাটি সড়কপথে রাতের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
















