নিখোঁজের এক দিন পর তুরাগ নদ থেকে উদ্ধার করা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরির মরদেহ। গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে টঙ্গীর বন্দর ঘাট এলাকা থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ। লাশের পকেটে থাকা আইফোন ও হাতঘড়ি দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
গত ২৮ অক্টোবর বিকেলে জাতীয় জরুরি সেবা নম্বর ‘৯৯৯’-এর মাধ্যমে খবর পেয়ে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাট সংলগ্ন তুরাগ নদী থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহ উদ্ধার করে টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির একটি দল। পরে তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও ঘড়ির মাধ্যমে পরিচয় নিশ্চিত করা হয় যে, তিনি বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট তাহসিফ সুরি।
টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সূত্র জানিয়েছে, উদ্ধারকৃত মরদেহের বয়স আনুমানিক ২৮ বছর। নিহতের পরনে ছিল সাদা পাজামা ও কালো জামা, মুখে হালকা দাড়ি এবং হাতে একটি ঘড়ি ও পকেটে একটি আইফোন পাওয়া যায়। আইফোনের মাধ্যমেই মূলত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়।
ভিডিও ফাঁসের দাবি নাকচ করেছিলেন তাহসিফ নিজেই, তুরাগ নদ থেকে মিলল সেই সাবেক কর্মকর্তার লাশ!

নৌ পুলিশের কন্ট্রোল রুমের কনস্টেবল রাকিব গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ বর্তমানে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
পুলিশ ও সংশ্লিষ্টরা জানিয়েছেন, কীভাবে তার মৃত্যু হয়েছে—ডুবে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত রহস্য উন্মোচিত হবে বলে আশা করা হচ্ছে।
















