মুন্সীগঞ্জের সিরাজদিখানে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে বালুভর্তি ড্রাম ট্রাকের চাপায় দুই বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক বৃদ্ধ। সোমবার (২ নভেম্বর) সকাল ৬টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের গয়াতলা দক্ষিণপাড়া দোতলা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নেকবর আলী সরকার (৬৫) ও মো. কাইয়ুম দেওয়ান (৭৫)। নেকবর আলী উপজেলার রামানন্দন গ্রামের মৃত লেচু সরকারের ছেলে। অন্যদিকে কাইয়ুম দেওয়ান গয়াতলা দক্ষিণপাড়ার মৃত শহর আলী দেওয়ানের সন্তান। আহত হাশেম বেপারীর (৭০) বাড়িও একই এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ আদায় করে কয়েকজন বৃদ্ধ বাড়ির উদ্দেশে বের হন। এ সময় তাঁরা মসজিদের সামনে অবস্থান করছিলেন। হঠাৎ সিরাজদিখান থেকে বালুচরের দিকে যাওয়া নম্বরপ্লেটবিহীন একটি বালুভর্তি ড্রাম ট্রাক তাঁদের ওপর উঠে যায়। এতে তিনজনই গুরুতর আহত হন।
এক সেট বই ভাগাভাগি করে পড়াশোনা, যমজ দুই বোনের জিপিএ-৫!

পরে স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নেকবর আলী সরকার ও কাইয়ুম দেওয়ানকে মৃত ঘোষণা করেন। আহত হাশেম বেপারী প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে যান।
আহত হাশেম বেপারী জানান, ফজরের নামাজ শেষে তাঁরা মসজিদের সামনে হাঁটাহাঁটি করছিলেন। এ সময় হঠাৎ একটি ড্রাম ট্রাক তাঁদের ওপর উঠে পড়ে। এতে তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। এরপর কী ঘটেছিল, তা তাঁর মনে নেই।
সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মেহেদী হাসান জানান, সকালে স্থানীয়রা তিনজন বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন। তবে পরীক্ষা করে দেখা যায়, হাসপাতালে পৌঁছানোর আগেই দুজনের মৃত্যু হয়েছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ড্রাম ট্রাকটি আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
















