নিজস্ব প্রতিবেদক, বরিশাল:
বরিশাল সদর উপজেলার চাঁদপুরা ইউনিয়নের দুর্গাপুর এলাকায় পৈতৃক সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মো. আলীম সরদার নামের এক ব্যক্তিকে কুপিয়ে জখমের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পাল্টা মামলায় আহত ব্যক্তির স্ত্রীর দুই ভাইকে আটক করেছে পুলিশ। এর প্রতিবাদে এবং আটক অসুস্থ ব্যক্তির সুচিকিৎসা ও সুষ্ঠু তদন্তের দাবিতে মঙ্গলবার (১০ নভেম্বর) দুর্গাপুর এলাকায় মানববন্ধন করেছেন এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।
ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পৈতৃক সম্পত্তির ন্যায্য হিস্যা না দিয়ে আলীম সরদারের শ্বশুর মৃত জালাল আহমেদ শিকদারের সম্পদ আটকে রাখেন তার দুই ভাই কবির ও হেলাল শিকদার। এ নিয়ে বিরোধের জেরে গত ৩১ অক্টোবর দুর্গাপুর বাসস্ট্যান্ড এলাকায় আলীম সরদারের ওপর হামলা চালানো হয়। অভিযোগ রয়েছে, কবির শিকদার, হেলাল শিকদার ও তাদের ছেলেরা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে আলীমকে গুরুতর আহত করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
ঘটনার পর আহত আলীমের স্বজনরা সাহেবেরহাট (বন্দর) থানায় গেলে পুলিশ তাদের চিকিৎসা ও মেডিকেল সনদ সংগ্রহের পরামর্শ দেয়। তবে অভিযোগ উঠেছে, হামলার ঘটনা আড়াল করতে অভিযুক্ত কবির শিকদার হাসপাতালে গিয়ে পাল্টা মেডিকেল সনদ সংগ্রহ করে পিবিআই কার্যালয়ে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় আলীম সরদার এবং তার তিন শ্যালক রহমান, শামীম ও নূর ইসলামসহ সাতজনকে আসামি করা হয়। এই মামলার সূত্র ধরে পুলিশ রাতে অভিযান চালিয়ে শামীম ও তার বড় ভাই নূর ইসলামকে আটক করে।
ফিজিওথেরাপিস্ট হয়েও ডাক্তার পরিচয়ে চিকিৎসা

পরিবারের দাবি, আটক নূর ইসলাম দীর্ঘদিন ধরে লিভারের জটিল রোগে আক্রান্ত এবং তার শারীরিক অবস্থা সংকটাপন্ন। মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা আলীম সরদারের ওপর হামলার সুষ্ঠু তদন্ত, প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা, পৈতৃক সম্পত্তির বিরোধের নিরপেক্ষ তদন্ত এবং নিরপরাধ ব্যক্তিদের হয়রানি বন্ধের দাবি জানান। পাশাপাশি তারা আটক নূর ইসলামের দ্রুত সুচিকিৎসা নিশ্চিত করে সকল প্রকার প্রভাবমুক্ত ন্যায়বিচার দাবি করেন।
















