আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের আক্কেলপুরে ৮০ বছর বয়সে মারা গেছেন বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য এনামুল হক। সোমবার (১৬ নভেম্বর) রাত ৩টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৭ নম্বর সেক্টরের অধীনে অংশ নিয়ে দেশ স্বাধীন করার সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বীর মুক্তিযোদ্ধা এনামুল হক। মুক্তিযুদ্ধের সময় শিলিগুড়ি, সান্তাহার, বগুড়া, জয়পুরহাট ও দিনাজপুরসহ বিভিন্ন এলাকায় মুক্তিযুদ্ধের কার্যক্রম ও অভিযানে যুক্ত ছিলেন তিনি।
দেশ স্বাধীন হওয়ার পর তিনি বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে কর্মজীবন শুরু করেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর অবসর গ্রহণ করেন। তার জীবনের একটি উল্লেখযোগ্য অধ্যায়জুড়ে ছিল মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং পরবর্তী সময়ে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন।
মাইকিং করে টুঙ্গিপাড়া থানা ঘেরাও: পুলিশের রাবার বুলেট ও টিয়ারশেল, থানায় আগুন

এনামুল হক জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন। মৃত্যুকালে তিনি দুই মেয়ে ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাদ জোহর তার জানাজার আগে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। এ সময় আক্কেলপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবিদা খানম বৈশাখী, আক্কেলপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এম এ আব্দুল করিম, সোনামুখী ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মালেকসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন পেশাজীবী শ্রেণির মানুষ জানাজায় অংশ নেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। জানাজায় উপস্থিত ব্যক্তিরা তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন।
এই বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে পরিবার-পরিজন, সহযোদ্ধা ও এলাকাবাসী শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

















