শ্রীলঙ্কার প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকেকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরে আসার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন দিসানায়েকে। দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যেই এ আমন্ত্রণ জানানো হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর প্রেসিডেনশিয়াল সেক্রেটারিয়েটে দেশটির প্রেসিডেন্ট অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। এ সময় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র শ্রীলঙ্কার প্রেসিডেন্টের হাতে তুলে দেন।
বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমানের আমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন দিসানায়েকে। একই সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেন তিনি। ২০২৭ সালের শুরুর দিকে বাংলাদেশ সফরের বিষয়েও ইতিবাচক মনোভাব জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট।
‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’র ডাক দিলে সমর্থন জানাব: রাশেদ খান

সাক্ষাৎকালে দুই দেশের ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সময়ে বাংলাদেশ ও শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। সেই সম্পর্ককে আরও উচ্চতায় নিয়ে যেতে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান আগ্রহী।
এ সময় শ্রীলঙ্কার দারিদ্র্য বিমোচন ও জনকল্যাণে প্রেসিডেন্ট দিসানায়েকের নেওয়া ‘ক্লিন শ্রীলঙ্কা’ এবং ‘প্রজা শক্তি’ কর্মসূচির প্রশংসা করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী। তিনি বলেন, এ ধরনের উদ্যোগ দেশের আর্থসামাজিক উন্নয়ন ও সাধারণ মানুষের জীবনমান পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সাক্ষাতে বাংলাদেশের চলমান ও পরিকল্পিত উন্নয়ন উদ্যোগগুলোর কথাও তুলে ধরেন হুমায়ুন কবির। তিনি জানান, সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে ২০ হাজার কিলোমিটার খাল খনন, আড়াই কোটি গাছ লাগানো এবং ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি থেকে মোট বিদ্যুতের ২০ শতাংশ উৎপাদন নিশ্চিত করা।
এ ছাড়া সাধারণ মানুষের আর্থিক ও সামাজিক সুরক্ষা এবং কৃষকদের সহায়তায় সরকারের ‘ফ্যামিলি কার্ড’ ও ‘ফার্মার্স কার্ড’ কর্মসূচি সম্পর্কেও শ্রীলঙ্কার প্রেসিডেন্টকে অবহিত করেন তিনি।
সাক্ষাৎ শেষে বাংলাদেশ ও শ্রীলঙ্কার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও গভীর করা এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে বাংলাদেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
















