উৎসবমুখর পরিবেশে সব সদস্যের অংশগ্রহণের মধ্য দিয়ে ঢাকায় ‘গার্মেন্টস বাতিলকৃত পণ্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেড’-এর ব্যবস্থাপনা কমিটির প্রথম নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (৭ অক্টোবর) রাজধানীর মিরপুরে অবস্থিত সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দুটি প্যানেলে ১২ জন করে মোট ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে চূড়ান্তভাবে ১২ জন প্রার্থী নির্বাচিত হবেন। সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৫২৯ জন।
নির্বাচনে মো. দাদন মিয়া ও মো. আলমগীর শেখ পরিষদের ব্যানারে অংশ নেওয়া প্রার্থীরা হলেন: সভাপতি পদে মো. দাদন মিয়া, সহসভাপতি পদে মো. মোস্তফা কামাল (স্বপন), সাধারণ সম্পাদক পদে মো. আলমগীর শেখ, যুগ্ম সম্পাদক পদে খান মো. বিপ্লব, কোষাধ্যক্ষ পদে মো. শহিদুল ইসলাম (সোহেল), ট্রেজারার পদে হাফিজুল ইসলাম এবং পরিচালক পদে মো. ইউনুস, মো. জাকারিয়া, মো. রানা, মো. আওলাদ হোসেন, মো. কামরুল জামান (বিদ্যুৎ) ও মো. মিস্টার আলী।
সাভারে ২৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ সেজে ডাকাতি করা চক্রের ৩ সদস্য গ্রেফতার

অন্যদিকে, মো. মহসিন দীপু মুন্সী ও মো. আলী পরিষদের ব্যানারে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীরা হলেন: সভাপতি পদে মো. মহসিন দীপু মুন্সী, সহসভাপতি পদে মো. নুরুল হক ভূঁইয়া (জিতু), সাধারণ সম্পাদক পদে মো. আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. বিল্লাল হোসেন, কোষাধ্যক্ষ পদে আব্দুর রহিম মোল্লা, ট্রেজারার পদে মো. রাজু এবং ব্যবস্থাপনা কমিটির সদস্য পদে মো. খাইরুল বাশার, মো. ইউসুফ সুমন, মো. রুবেল হোসেন, মো. আফাজ আলী ও মো. ওবায়দুল হক (নবী হোসেন)।
নির্বাচন চলাকালে দুই পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীরা বলেন, “গার্মেন্টস বাতিলকৃত পণ্য ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন এবারই প্রথম অনুষ্ঠিত হচ্ছে। আজ আমাদের মাঝে এক উৎসবমুখর মিলনমেলার সৃষ্টি হয়েছে। সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। আমরা এই সমিতির উন্নয়নে কাজ করার জন্য নির্বাচনে অংশ নিয়েছি। জয়ী হতে পারলে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে অগ্রগামী ভূমিকা রাখব। নির্বাচনে অংশ নেওয়া আমরা সব প্রার্থীই ভাই ভাই। যিনিই জয়ী হবেন, তার সাথে এক হয়ে আমরা সবাই এই সমিতির সব উন্নয়নমূলক কাজে অংশ নেব।”
ভোট দিতে এসে একাধিক ভোটার বলেন, নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থীই তাদের অত্যন্ত আপনজন। সবাইকে তো ভোট দিয়ে জয়ী করা সম্ভব নয়। তবে যিনিই নির্বাচিত হবেন, তিনি সবাইকে সাথে নিয়ে এই সমিতির কল্যাণে কাজ করবেন এবং সব সদস্যের সুখ-দুঃখে পাশে থাকবেন, এটাই তাদের প্রত্যাশা।
নির্বাচন কমিটির সভাপতি ও ঢাকা মিরপুর মেট্রোপলিটন থানার সমবায় কর্মকর্তা মুহাম্মদ ফিরোজুল আলম বলেন, “নির্বাচনে অংশ নেওয়া সব প্রার্থী একে অপরের পরিচিত। সকাল থেকেই ভোটাররা অত্যন্ত সুন্দর ও প্রমাদহীনভাবে ভোট দিচ্ছেন। প্রার্থীরাও সব নিয়মকানুন মেনে ভোটারদের কাছে ভোট চেয়েছেন। এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার সুযোগ নেই। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।”
এ সময় নির্বাচন কমিটির সদস্য ও ঢাকা জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক এ কে এম সারোয়ার কামাল এবং ঢাকা মিরপুর মেট্রোপলিটন থানা সমবায় কার্যালয়ের সহকারী পরিদর্শক সৈয়দা নাসিমা পারভীন উপস্থিত ছিলেন।
















